গাজোল ব্ল্যাক ডায়মন্ডের পুজোর এবারের আকর্ষণ ‘দর্পণ’, উদ্বোধনেই জমল ভিড়
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: সোমবার রাতে বেশ ঘটা করে ফিতা কেটে গাজোলে ব্ল্যাক ডায়মন্ড ক্লাবে দুর্গাপুজোর উদ্বোধন হল। এবারে ওই ক্লাবের বিশেষ আকর্ষণ ‘দর্পণ’। থিমের মাধ্যমে একদিকে দেবীর আরাধনা হবে, অন্যদিকে প্রতিমা নির্মাণে সমাজের বাস্তবতা তুলে ধরা হয়েছে।  প্রতিমা তৈরি করেছেন বহরমপুরের মৃৎশিল্পী অসীম পাল। এবারের পুজোর বাজেট ছ’লক্ষ টাকা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। 

Advertisement

সোমবার পুজোর উদ্বোধন করেন গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, গাজোল থানার আইসি কৌশিক বন্দ্যোপাধ্যায়, গাজোলের বিডিও সুমন ঘোষ, ভারত সেবাশ্রম সংঘের বালুরঘাট এবং গাজোল ঘাকশোলের মহারাজরা। অনুষ্ঠান মঞ্চ আলোকিত করেন বিশিষ্ট সমাজ সেবী প্রতাপ সিংহ, কাজল কুণ্ডু, গাজোল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ সর্দার সহ অন্যরা। 
উল্লেখ্য, চার দশক আগে গাজোল থানা মোড় সংলগ্ন এলাকায় ক্লাব প্রতিষ্ঠা হয়। ক্লাবের জায়গা সংকীর্ণ হওয়ায় তারা ফি বছর প্রতিমায় চমক দেয়। অষ্টমীর অঞ্জলিতে ভিড় উপচে পড়ে। এলাকার সবাই একে অপরের হাতে হাত মিলিয়ে পুজোয় আনন্দ উপভোগ করে। 
গাজোলে এটি সম্প্রীতির পুজো নামেও পরিচিত। ক্লাব সম্পাদক রয়েছেন অসিত প্রসাদ, সভাপতি সুকুমার প্রসাদ এবং  সহ সভাপতি চন্দন প্রসাদ সহ একাধিক সদস্য পুজোর সঙ্গে জড়িত। অসিত এবং চন্দনবাবু বলেন, আমাদের এবারে বিশেষ আকর্ষণ দর্পণ। এদিকে দেবীর আরাধনা হবে। অন্যদিকে বাস্তবতা দেখানো হয়েছে। পুজোর উদ্বোধনে প্রচুর বিশিষ্ট অতিথি এসেছিলেন। তাঁরা সবাই পুজোর সুনাম করেছেন।  নিজস্ব চিত্র