


সংবাদদাতা, ঘাটাল: আসন্ন বিধানসভার লড়াইয়ে আসন বাড়বে তৃণমূলের। চন্দ্রকোণা এলাকায় রোড শো শেষে প্রত্যয়ী সাংসদ দেব। বিধানসভা ভোট আবহে বৃহস্পতিবার ঘাসফুল শিবিরের ফলাফল নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব)। এদিন চন্দ্রকোণায় তৃণমূলের দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসে দেবের দাবি, একুশের ভোটের তুলনায় এবার তৃণমূল কংগ্রেস অন্তত ৫ থেকে ১০টি আসন বেশি পাবে।
এদিন চন্দ্রকোণার তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দলুইয়ের সমর্থনে রামজীবনপুরে এক বর্ণাঢ্য রোড শোয়ে অংশ নেন দেব। রামজীবনপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কালীতলা হয়ে পুরাতন চেকপোস্ট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা পরিক্রমা করে এই মিছিল। প্রিয় অভিনেতা তথা জননেতাকে একবার চোখের দেখা দেখতে রাস্তার দু’পাশে উপচে পড়েছিল মানুষের ভিড়। পুষ্পবৃষ্টি ও স্লোগানে মুখরিত হয় তামাম এলাকা। যুবক-যুবতীরা দেবের সঙ্গে সেলফি তোলার জন্য এই চাঁদিফাটা রোদেও হুলস্থুল ফেলে দেন। পরিস্থিতি সামলাতে নিরাপত্তাকর্মীদের হিমশিম খেতে হয়।
রোড শো শেষে দেব বলেন, বাংলা জুড়ে যা দেখতে পাচ্ছি, তাতে মনে হয় গতবারের চেয়ে এবার অন্তত ৫ থেকে ১০টি আসন বেশি পাবে তৃণমূল। এদিন চন্দ্রকোনায় স্থানীয় মানুষের যে অভাবনীয় সাড়া ও ভালোবাসা পেলাম, তাতে আমি অভিভূত। মানুষের এই ভিড়ই বলে দিচ্ছে জয় আমাদের নিশ্চিত। আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রকোণা বিধানসভা এলাকাতেই তৃণমূল বড় ব্যবধানে জয়লাভ করবে বলে আত্মবিশ্বাসের সুর শোনা যায় দলের এই অভিনেতা সাংসদের গলায়।
এদিন সংবাদমাধ্যমের তরফে দেবের কাছে ঘাটালে মিঠুন চক্রবর্তীর রোড শো প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল। উল্লেখ্য, দিনকয়েক আগেই ঘাটালে বিজেপির সমর্থনে রোড শো করেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সেই প্রসঙ্গে দেব কিছুটা রসিকতার ছলেই পালটা প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি বলেন, মিঠুনদা এসেছিলেন, রোড শো করেছেন, কিন্তু একটি কথাও বলেননি। মানুষ কথা শুনতে চায়, কাজ দেখতে চায়। মিঠুন চক্রবর্তীর মৌনতা নিয়ে কটাক্ষ করে দেব কার্যত বুঝিয়ে দিতে চেয়েছেন, কেবল গ্ল্যামার নয়, মানুষের পাশে থাকাই আসল পরীক্ষা।
২০২৬-এর এই নির্বাচনে চন্দ্রকোণা বিধানসভা কেন্দ্র রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। একদিকে যেমন দলীয় প্রার্থী দলের জেতা আসনটি ধরে রাখতে মরিয়া, অন্যদিকে বিজেপিও সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে এই কেন্দ্রে। তবে দেবের দাবি, গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নমূলক কাজ হয়েছে, মানুষ তার নিরিখেই ভোট দেবেন। এদিনের কর্মসূচিতে দেবের পাশাপাশি ছিলেন প্রার্থী সূর্যকান্ত দলুই সহ জেলা ও স্থানীয় স্তরের একাধিক তৃণমূল নেতৃত্ব।