সংবাদদাতা, হলদিয়া: ক্ষুদিরামনগরে হলদিয়া দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে এলে এবার গুজরাত দর্শন হবে। গুজরাতের প্রাচীন মন্দির স্থাপত্য, শিল্পকলা, লোকশিল্প ও অনুপম কারুকাজ বাংলার দুর্গোৎসবের সঙ্গে মিলেমিশে একাকার। মোধেরা সূর্যমন্দির ও দ্বারকার প্রাচীন শৈলীর কারুকার্যে সূক্ষ্ম খোদাই করা স্তম্ভ, সুবিশাল অলঙ্কৃত তোরণ এবং রাজকীয় ঝরোকা শৈলীর মেলবন্ধন ঘটেছে মণ্ডপে। গুজরাতের মেহসানা জেলার পুষ্পবতী নদী তীরের মোধেরা সূর্য মন্দির এবার হলদির তীরে। হাজার বছর আগে চালুক্য রাজারা যে মন্দির তৈরি করেছিলেন, সেই ঐতিহাসিক স্তম্ভের রেপ্লিকা দেখার সুযোগ মিলবে শিল্পশহরের পুজোয়। মণ্ডপের কাঠামো নির্মাণ হয়েছে প্রাচীন মন্দিরের আদলে, মন্দির সাজিয়ে তোলা হয়েছে নানা ধরনের গুজরাতি লোকশিল্পে। কচ্ছের লিপ্পন ও দর্পণ শিল্প দিয়ে সাজানো হয়েছে মণ্ডপের অন্দরমহল। কচ্ছ অঞ্চলের প্রাচীন প্রাকৃতিক মাটি এবং কাচের সংমিশ্রণে তৈরি মায়াবী নকশা, যা প্রদীপের আলোয় দ্যুতি ছড়াবে মণ্ডপে। সেইসঙ্গে রয়েছে পাটোলা ও বাঁধনী লোকবয়ন শৈলীর মিশেল। গুজরাতের ঐতিহ্যবাহী পাটোলা এবং রঙিন বাঁধনির নিখুঁত জ্যামিতিক নকশা, যা মণ্ডপের অন্দরসজ্জাকে দেবে অপূর্ব রাজকীয় আবহ। এবার অষ্টম বর্ষের পুজোয় তাদের থিম, ‘নবরূপে নবরাত্রি’। দুর্গার ন’টি রূপের আরাধনা করা হবে। নবরাত্রি উৎসবের প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী লোকনৃত্য ‘গরবা’ এবং ‘ডান্ডিয়া রাস’। হলদিয়ায় বিশাল ময়দানে গরবা ও ডান্ডিয়া নাচের আসর বসবে। মহাপঞ্চমীতে পুজোর উদ্বোধন করবেন প্রাক্তন সাংসদ ও আইকেয়ারের চেয়ারম্যান লক্ষ্মণ শেঠ। তিনিই ওই পুজোর প্রধান পৃষ্ঠপোষক। উদ্বোধনে অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী জয়াপ্রদা। প্রতিবারের মতো এবারও বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে পুজোর উদ্বোধন হবে। ডান্ডিয়া ও গরবা নৃত্য, সাঁওতালি নৃত্য, রণপা নৃত্য, পাঞ্জাবি ভাঙড়া, ঝুমুর ও পুরুলিয়ার ছৌ নাচের সঙ্গে মহিলা ঢাকি ও আধুনিক প্রজাপতি নৃত্য সহ প্রায় ৩০ ধরনের নাচের শোভাযাত্রায় তিনশোর বেশি শিল্পী অংশ নেবেন। সঙ্গে থাকবে সুসজ্জিত ট্যাবলো। পুজো কমিটির সভাপতি সুদীপ্তন শেঠ, সম্পাদক প্রণব দাস বলেন, এবার বাড়িতে বসেই দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধন থেকে অনুষ্ঠান ও পুজো লাইভ দেখা যাবে মোবাইলে haldiadurgotsav.org ওয়েবসাইট ক্লিক করলেই। উদ্বোধনের দিন সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী মনোময় ভট্টাচার্য। ১৬অক্টোবর ষষ্ঠীর সন্ধ্যায় নতুন শাড়ি উপহার তুলে দেবে পুজো কমিটি। ওইদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে আসছেন জিৎ গঙ্গোপাধ্যায়। ১৮ অক্টোবর সপ্তমীতে অভিনেতা জিতেন্দ্র মদনানী বা জিৎ মিউজিক্যাল ট্রুপ নিয়ে উপস্থিত থাকবেন। মঙ্গলবার তৃতীয়ায় ‘আগমনী’ অনুষ্ঠানের মধ্য দিয়ে হলদিয়া দুর্গোৎসবের প্রাথমিক সূচনা হল। আইকেয়ার কালচারাল অ্যাকাডেমির উদ্যোগে হলদিয়া ইনস্টিটিটিউট অব টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কলেজের এসএন বোস অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের সূচনা করেন লক্ষ্মণ শেঠ। উপস্থিত ছিলেন আইকেয়ার সংস্থার কার্যকরী সভাপতি সায়ন্তন শেঠ, সম্পাদক আশিস লাহিড়ি, কর্মকর্তা সুদর্শন মান্না। স্পর্শিতা পণ্ডাশেঠের পরিচালনায় কলেজের ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের নৃত্যনাট্য গীতির সাংস্কৃতিক কোলাজ সবাইকে মুগ্ধ করে। এদিন ওই অনুষ্ঠান মঞ্চে আপনজন পত্রিকার শারদীয় সংখ্যা প্রকাশিত হয়। এরপর কলেজ ছাত্রদের লেখা ও অভিনয়ে ‘ভাড়াবাড়ির বাড়াবাড়ি’ নাটক মঞ্চস্থ হয়।-নিজস্ব চিত্র



