সংবাদদাতা, শিলিগুড়ি: এবার সরকারি হাসপাতালগুলিতে চালু হচ্ছে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
সংবাদদাতা, শিলিগুড়ি: এবার সরকারি হাসপাতালগুলিতে চালু হচ্ছে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
রাজ্যের সব মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালে বর্তমানে চালু থাকা ফেয়ার প্রাইস শপের পাশাপাশি এবার চালবে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র। সম্প্রতি রাজ্য স্বাস্থ্যদপ্তর ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকদের এ বিষয়ে নির্দেশিকার কথা জানিয়েছে।
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে যেসব হাসপাতালে ফেয়ার প্রাইস শপ রয়েছে, সেখানেই ভাগাভাগি করে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র চালু করা হবে। এজন্য ন্যূনতম ১০০ বর্গফুট জায়গার ব্যবস্থা করতে বলা হয়েছে প্রতিটি হাসপাতালকে।
ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। হাসপাতালের অতিরিক্ত সুপার ডাঃ নন্দন বন্দ্যোপাধ্যায় জানান, স্বাস্থ্যদপ্তরের নির্দেশিকা অনুযায়ী শীঘ্রই প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র চালু হবে। আপাতত ফেয়ার প্রাইস শপের সঙ্গেই এই কেন্দ্র পরিচালিত করা হবে।
এদিকে, একইসঙ্গে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নথিভুক্তকরণের কাজও শুরু হয়েছে। নির্দিষ্ট অ্যাপে প্রতিটি হাসপাতালকে নিজেদের নিবন্ধন করতে হচ্ছে এবং সেখানে হাসপাতালে উপলব্ধ পরিষেবা সম্পর্কে বিস্তারিত তথ্য আপলোড করতে হচ্ছে।
চিকিৎসক মহলের একাংশের মতে, সরকারি হাসপাতালগুলিতে স্বল্প ও ন্যায্য মূল্যে মানসম্মত ওষুধ সহজলভ্য করতেই প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র চালুর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এতে গরিব মানুষ ন্যূনতম মূল্যে আরও বেশি ওষুধ সহজেই পাবে।