Bartaman Logo
৯ জুন, ২০২৬

এবার অসামরিক বিমান পরিবহণ সচিবকে ডেকে পাঠাল সংসদীয় কমিটি

কার গাফিলতিতে আমেদাবাদ দুর্ঘটনা? এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানের সুরক্ষা ব্যবস্থায় কি আদৌ খামতি ছিল? এমনই কিছু প্রশ্নের উত্তর খুঁজতে বিশেষ বৈঠকের ডাক দিল সংসদীয় কমিটি।

এবার অসামরিক বিমান পরিবহণ সচিবকে ডেকে পাঠাল সংসদীয় কমিটি
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কার গাফিলতিতে আমেদাবাদ দুর্ঘটনা? এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানের সুরক্ষা ব্যবস্থায় কি আদৌ খামতি ছিল? এমনই কিছু প্রশ্নের উত্তর খুঁজতে বিশেষ বৈঠকের ডাক দিল সংসদীয় কমিটি। বৈঠকে তলব করা হয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব, এয়ার ইন্ডিয়ার উচ্চপদস্থ কয়েকজন আধিকারিক, বোয়িং-এর কর্মকর্তা সহ আরও কয়েকজনকে। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহেই বৈঠকটি হতে পারে বলে সূত্রের খবর। এর মধ্যেই সামনে এসেছে আরও এক ঘটনা। মর্মান্তিক বিমান দুর্ঘটনার কয়েকদিনের মধ্যেই গুরুগ্রামে অফিসের মধ্যে পার্টিতে মেতে উঠেছিলেন এয়ার ইন্ডিয়ার এয়ারপোর্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার সংস্থার (এআইএসএটিএস) কর্মীরা। তার ভিডিও সামনে আসতেই বিতর্ক তৈরি হয়। তার জেরে সংস্থার চার শীর্ষ কর্তাকে ইস্তফার নির্দেশ দিয়েছে এয়ার ইন্ডিয়া।

Advertisement

আমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৭৪ জনের। শোকের ছায়া নেমে আসে গোটা দেশে। বিমানটি একটি মেডিক্যাল কলেজের হস্টেলে আছড়ে পড়ায় প্রাণ যায় বহু সাধারণ মানুষের। ঘটনার সঠিক কারণ নিয়ে এখনও খোঁজ চলছে। পরীক্ষা করে দেখা হচ্ছে উদ্ধার হওয়া ব্ল্যাকবক্স। এরই মধ্যে কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান পাইলট। এছাড়া 
ইদানীং বেশ কিছু বিমান সংস্থার বিরুদ্ধে উড়ান বা সুরক্ষা নিয়ে অভিযোগ আসছে। সেসব নিয়েই এবার বৈঠকের ডাক দিয়েছে সংসদীয় কমিটি। আমেদাবাদ দুর্ঘটনার পাশাপাশি দেশের সামগ্রিক বিমান পরিবহণ ব্যবস্থা নিয়ে আলোচনা হবে বলেই খবর। সংসদের আগামী অধিবেশনে পেশ করা হতে পারে বৈঠকের রিপোর্ট। আরও জানা গিয়েছে, আমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে সরাসরি জুড়তে চেয়েছে রাষ্ট্রসঙ্ঘ। যদিও ভারতের তরফে সেই প্রস্তাব নাকচ করা হয়েছে। 
এয়ার ইন্ডিয়ার ‘শনির দশা’ অবশ্য এখনও কাটছে না। তীব্র বিতর্ক শুরু হয়েছে আমেদাবাদ বিমান দুর্ঘটনার শোক ভুলে সংস্থার দপ্তরে উল্লাসে মেতে ওঠা নিয়ে। জানা গিয়েছে, এআইএসএটিএস-এর গুরুগ্রাম দপ্তরে পার্টি, নাচাগানার ভাইরাল ভিডিওটি গত ২০ জুনের। অর্থাৎ আমেদাবাদ বিমান দুর্ঘটনার মাত্র আট দিন পরের ঘটনা। সেদিন পার্টিতে ছিলেন ওই চার শীর্ষ কর্তা। বিষয়টি নিয়ে ক্ষমাও চাওয়া হয় এয়ার ইন্ডিয়ার তরফে। একইসঙ্গে কড়া পদক্ষেপ নেওয়া হয় দুই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সমপ্রীত, বলজিন্দর, সিওও আব্রাহাম জাকারিয়া এবং এক ট্রেনিং হেডের বিরুদ্ধে। তাঁদের অবিলম্বে চাকরি ছাড়ার নির্দেশ দিয়েছে এয়ার ইন্ডিয়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ