নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আজ বুধবার শিলিগুড়িতে শুরু হল স্পোর্টস ফিল্ম ফেস্টিভাল। দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে চলছে এই ফেস্টিভাল। মোট পাঁচটি দেশের ১১টি ক্রীড়া বিষয়ক সিনেমা দেখানো হবে এই ফেস্টিভালে। ভারতের বেশ কয়েকটি ফিল্মের পাশাপাশি দেখানো হবে ইরান, বুলগেরিয়া, আমেরিকা, ব্রিটেনের সিনেমা। ভারতের সিনেমার মধ্যে রয়েছে মেসি, বাই সাইকেল কিক ও অক্ষয় কুমারের গোল্ডের মতো ছায়াছবি। এই ফিল্ম ফেস্টিভালের উদ্বোধন করতে এসে পড়ুয়াদের সঙ্গে গল্পে মজলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। খেলার মাঠের লড়াই, উদ্যম জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে নতুন প্রজন্মের মধ্যে প্রভাব ফেলে সেই লক্ষ্যেই সিনেমাগুলি বাছাই করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ফিল্ম ফেস্টিভালের অন্যতম উদ্যোক্তা সোশ্যাল স্পোর্টস ফাউন্ডেশনের সভাপতি রঙ্গন মজুমদার বলেন, কলকাতার পর শিলিগুড়িতে এই ধরনের স্পোর্টস ফিল্ম ফেস্টিভাল হচ্ছে। আগামী বছর থেকে রাজ্যের বিভিন্ন জেলা সদরে, যেখানে খেলাধুলোর চর্চা রয়েছে সেখানে এই ধরনের স্পোর্টস ফিল্ম ফেস্টিভাল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রী আরও জানান, খেলাধুলো শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে সাহায্য করে। খেলার মাঠ মনকে করে উদার। এই ধরনের স্পোর্টস ফিল্ম ফেস্টিভাল নতুন প্রজন্মকে আরও বেশি করে মাঠমুখী করবে, খেলাধুলোয় উৎসাহিত করবে বলে আশা রাখি।



