চেন্নাই: লোকসভায় আসন সংখ্যা বৃদ্ধির জন্য ডিলিমিটেশন বিল পাশ করাতে মরিয়া কেন্দ্র। এই বিল পাশ করিয়ে বিজেপি আদতে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানতে চাইছে বলে অভিযোগ বিরোধীদের। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রভাব লোকসভায় কমতে চলেছে বলেও অভিযোগ। এবার কেন্দ্রের আসন পুনর্বিন্যাসের পরিকল্পনাকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার তামিলনাড়ুর মহাবলীপুরমে রাহুল বলেন, ‘তামিলনাড়ুর রাজনৈতিক শক্তি কেড়ে নেওয়ার জন্যই বিজেপি আসন পুনর্বিন্যাসের ষড়যন্ত্র করছে। যারা এই উদ্যোগকে সমর্থন করছে, তারা একুশ শতকের এট্টাপ্পান (তামিল ভাষায় বিশ্বাসঘাতক)। কোনো তামিল নাগরিক এই বিলকে সমর্থন জানাতে পারেন না। সংসদে ডিলিমিটেশন বিলকে হারানোর জন্য সব দলকে আহ্বান জানিয়েছেন রাহুল।



