পাটনা: পশুখাদ্য, জমি, আলকাতরা সহ একাধিক কেলেঙ্কারি নিয়ে অতীতে উত্তপ্ত হয়েছে বিহারের রাজনীতি। এবার ডাস্টবিন কেলেঙ্কারির অভিযোগ তোলপাড় ফেলে দিয়েছে। বিহারের এনডিএ সরকারের স্বাস্থ্যদপ্তরের ডাস্টবিন (আবর্জনা ফেলার পাত্র) ক্রয়ে বড়োসড়ো দুর্নীতির অভিযোগে সরব আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের দ্বিতীয় কন্যা রোহিনী যাদব। তাঁর দাবি, স্বাস্থ্যদপ্তর ১৫ হাজার টাকায় এক-একটি ডাস্টবিন কিনেছিল। অথচ, এধরনের প্রতিটি ডাস্টবিনের দাম বাজারে দেড় হাজার টাকার বেশি নয়। অর্থাৎ ১০ গুণ দামে তা কেনা হয়েছিল। সোশ্যাল মিডিয়া পোস্টে এই অভিযোগ করে রোহিনী রাজ্যের এনডিএ সরকারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে ও বর্তমান মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে একহাত নিয়েছেন। তাঁর কটাক্ষ, সম্রাট সরকারের আরও এক কীর্তি। সামান্য ডাস্টবিনও মহার্ঘ। বিহারে ডাস্টবিনও তো ‘ভিভিআইপি’ হয়ে উঠেছে। দেড় হাজার টাকার ডাস্টবিন ১৫ হাজার টাকায় কেনা হয়েছে। সম্রাট চৌধুরী ও মঙ্গল পান্ডের কাছে বিহারের মানুষ জানতে চায়, ওই ‘মহার্ঘ ডাস্টবিনে’র রহস্য কী? ওগুলো আবর্জনা ফেলার পাত্র, না সরকারের অর্থ নয়ছয়ের নয়া কৌশল? জবাব দিতে দেরি করেনি বিহারের ক্ষমতাসীন শিবির। রোহিনীর অভিযোগ নস্যাৎ করে শাসক জোটের শরিক জেডিইউর মুখপাত্র নীরজ কুমারের তির্যক মন্তব্য, কেউ কোনো ছবি ভাইরাল করে দিলেই সারবত্তা প্রমাণিত হয় না। বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি রয়েছে। এই কমিটির সভাপতি আরজেডি বিধায়ক ভাই বীরেন্দ্র। বিষয়টি তো তাঁরই দেখার কথা। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলেরও (ক্যাগ) তা দেখা উচিত।



