সংবাদদাতা, বোলপুর: পর্যটকদের ক্রমবর্ধমান আগ্রহের কথা বিবেচনা করে শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণে হেরিটেজ ওয়াকের দিন আরও বাড়াল বিশ্বভারতী। এতদিন সপ্তাহে তিনদিন এই কর্মসূচি অনুষ্ঠিত হলেও এবার থেকে সপ্তাহে ছ’দিন পর্যটকরা হেরিটেজ ওয়াকে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সম্প্রতি জারি হওয়া বিশ্বভারতীর নতুন বিজ্ঞপ্তিতে সেই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানান, হেরিটেজ ওয়াকে অংশগ্রহণকারীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। সেই কারণেই পর্যটকদের সুবিধার্থে সপ্তাহে ছ’দিন এই কর্মসূচি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন উদ্যোগে পর্যটকদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে। করোনা পরিস্থিতির সময় থেকেই বিশ্বভারতী ক্যাম্পাসে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে চালু হওয়া সেই বিধিনিষেধের ফলে দীর্ঘ প্রায় পাঁচ বছর পর্যটক তো বটেই, সাধারণ মানুষেরও আশ্রম প্রাঙ্গণে প্রবেশ বন্ধ ছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছিল। এরই মধ্যে ২০২৩ সালের সেপ্টেম্বরে শান্তিনিকেতন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের মর্যাদা লাভ করে। তবে সেই স্বীকৃতির পরও আশ্রম এলাকা পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়নি। পরে স্থায়ী উপাচার্য হিসেবে প্রবীরকুমার ঘোষ দায়িত্ব গ্রহণের পর আশ্রম এলাকা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তারই ফলস্বরূপ গত বছরের ৩ আগস্ট থেকে ‘হেরিটেজ ওয়াক’-এর মাধ্যমে আবার পর্যটকদের প্রবেশের সুযোগ তৈরি হয়। প্রথমদিকে সপ্তাহে মাত্র একদিন এই কর্মসূচি চালু ছিল। পরে চলতি বছরের জানুয়ারি মাসে বিশ্বভারতী জানায়, প্রতি শুক্রবার, শনিবার ও রবিবার নিয়মিত হেরিটেজ ওয়াক অনুষ্ঠিত হবে। এবার সেই সময়সীমা আরও বাড়িয়ে সপ্তাহে ছ’ দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, প্রতি সোমবার, মঙ্গলবার, শুক্রবার ও শনিবার বিকেল ৩টা ৩০ মিনিট এবং ৪টা ৩০ মিনিটে হেরিটেজ ওয়াক শুরু হবে। বুধবার সকাল ১১টা, বিকেল ৩টা ৩০ মিনিট ও ৪টা ৩০ মিনিটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। রবিবার সকাল ১০টা, ১১টা এবং বিকেল ৩টা ৩০ মিনিট, ৪টা ও ৪টা ৩০ মিনিটে হেরিটেজ ওয়াকের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের হেরিটেজ ওয়াকের টিকিট সংশ্লিষ্ট দিনেই রবীন্দ্রভবনের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে।



