এবার আলোর খেলাতেই বাজিমাত করতে চায় দেশপ্রিয় পার্ক, ত্রিধারা
  • ১৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাহুল চক্রবর্তী, কলকাতা: প্যান্ডেল, প্রতিমাতে চমক তো রয়েছেই, কিন্তু এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আলোকসজ্জা। দেশপ্রিয় পার্ক আর ত্রিধারা, পাশাপাশি দুই পুজোর এবারের ইউএসপি হতে চলেছে আলোর ছটা।

Advertisement

দক্ষিণ কলকাতায় যাঁরা ঠাকুর দেখতে যান, তাঁদের গন্তব্যস্থলের নোটবুকে প্রথম সারিতেই থাকে দেশপ্রিয় পার্ক আর ত্রিধারা। যাতায়াতের দিক থেকেও সুবিধাজনক স্থানে অবস্থান এই দুই পুজোর। গড়িয়াহাট আর রাসবিহারীর মধ্যবর্তী স্থানে দক্ষিণ কলকাতার বড়ো বাজেটের এই দুই পুজো ঘিরে সবারই আগ্রহ।
দেশপ্রিয় পার্কের পুজো এবার ৮৯ বছরে পা দিয়েছে। পরিপূর্ণভাবে সাবেকিয়ানার মোড়কে সাজিয়ে তোলা হচ্ছে পুজো। সনাতন রুদ্র পালের হাতের ছোঁয়ার রূপ পেয়েছে সাবেকি মূর্তি। সেই সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে প্যান্ডেল। কোনো অনুকরণ নয়, শিল্পী তাঁর নিজস্ব ভাবনাতেই প্যান্ডেল সাজিয়েছেন। মন্দির তৈরি করা হয়েছে সাবেকি সাজের। প্রায় ৪০ ফুটের প্যান্ডেল। মাঠের একটি বড়ো অংশজুড়ে বেত, কাঠ দিয়ে প্যান্ডেলের উপস্থাপনা। নজর কেড়েছে আলো। লাল-হলুদ আলোর ছটায় দেশপ্রিয় পার্কের পুজো প্রাঙ্গণ হয়ে উঠেছে আলোকজ্জ্বল। দূর থেকেই যে আলোর ছটা দর্শনার্থীদের মণ্ডপের ভিতরে প্রবেশ করতে বাধ্য করবে। আর আলোর যে খেলা রয়েছে, তাতে পার্কে প্রবেশ করে দর্শনার্থীদের মোবাইল ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠবেই। পুজো কমিটির অন্যতম কর্মকর্তা অভিষেক দে বিশ্বাসের কথায়, দেশপ্রিয় পার্কের পুজো দেখতে মানুষ আসবেনই। তাই আমাদের চ্যালেঞ্জ থাকে ক্রাউড ম্যানেজমেন্ট করা। দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়, সেটা লক্ষ্য রাখাই আমাদের প্রধান কর্তব্য।
ত্রিধারা। প্রতি বছরই সেরার সেরা তালিকায় থাকে এই পুজো কমিটি। ৮০তম বছরে এবারে তাদের থিম সুরাসুর। শিল্পী গৌরাঙ্গ কুইল্যার ভাবনাতেই রূপ পাচ্ছে থিম। প্রতিমা ও মণ্ডপ, দু’টিই গৌরাঙ্গ কুইল্যার। শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তির লড়াই এবং তাতে শুভ শক্তির জয়, এই ভাবনাতেই মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে। মণ্ডপে আছে তিব্বতের ছোঁয়া। চারিদিকে ড্রাগনের অবস্থান। ড্রাগন পবিত্র, শুভ এবং আধ্যাত্মিক প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তাই ত্রিধারার মণ্ডপের বিভিন্ন দিকজুড়ে ড্রাগন লক্ষ্য করা গিয়েছে। প্যান্ডেলের সামনের দিকে ড্রাগনের মুখ বেরিয়ে আছে। যা দর্শনার্থীদের চুম্বকের মতো আকর্ষণ করছে। কালারফুল প্যান্ডেল। লাল আলোর খেলা রয়েছে মণ্ডপজুড়ে। লাইট অ্যান্ড সাউন্ডে ত্রিধারার মণ্ডপ এবার দর্শনার্থীদের বাড়তি পাওনা হতে চলেছে। পুজো কমিটির কর্তা শুভজিৎ চক্রবর্তী বলেন, অসামান্য আলোর সহযোগে টিবেটিয়ান স্টাইলে ত্রিধারার মণ্ডপ এবার দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে। সেই সঙ্গে এটাও বলতে হচ্ছে প্রতিমা অভিনব। প্রতিমা দেখার জন্য আমজনতা এক মিনিট সময় নেবেনই।