Bartaman Logo
২৮ জুন, ২০২৬

এবার কেদার ও বদ্রীনাথে দুর্নীতি!

বদ্রীনাথ ও কেদারনাথ মন্দির কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। বিস্তারিত পড়ুন।

এবার কেদার ও বদ্রীনাথে দুর্নীতি!
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রামমন্দিরের প্রণামি নয়ছয়ের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এরইমাঝে বড়োসড়ো দুর্নীতির অভিযোগ উঠল বদ্রীনাথ ও কেদারনাথ মন্দির কমিটির (বিকেটিসি) বিরুদ্ধে। জানা গিয়েছে, এক বছরেরও কম সময়ের মধ্যে টিএ-ডিএ অর্থাৎ ভ্রমণ-দৈনিক ভাতা বাবদ লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন মন্দির কমিটির সদস্যরা। সমাজকর্মী বিকাশ সিং নেগির এক আরটিআই-র সূত্রে সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। বিকাশের বক্তব্য, দ্রুত এই আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।

Advertisement

মন্দির অ্যাক্টের ২৬ (চ) ধারা অনুযায়ী কমিটির সদস্যরা শুধুমাত্র কমিটির কোনো কাজে কোথাও গেলে ভ্রমণ ভাতা পান। এক্ষেত্রে বিধায়কদের সমান প্রতিদিন প্রায় ৬ হাজার টাকা অর্থাৎ কিলোমিটার প্রতি চার টাকা করে ভ্রমণ খরচ দেওয়া হয়। আরটিআই সূত্রে জানা গিয়েছে, গতবছর জুন মাসে বিকেটিসির সদস্যদের মনোনয়ন সম্পন্ন হয়েছে। আর এই সময়কালে কমিটির মাত্র একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অথচ ভ্রমণ ও দৈনিক ভাতা বাবদ বিপুল টাকা নিয়েছেন বেশ কয়েকজন সদস্য। ভাতার লোভে ব্যক্তিগত সফরকেও কমিটির কাজ হিসাবে দেখানো হয়েছে। এবছর বসন্ত পঞ্চমীতে বদ্রীনাথের দ্বার খোলার তিথি নির্ধারণ নিয়ে নরেন্দ্রনগর রাজমহলে বৈঠক হয়েছিল। এই বৈঠকের সঙ্গে মন্দির কমিটির কোনো সম্পর্ক নেই। তাও সেখানে উপস্থিতির ভুয়ো তথ্য পেশ করে টাকা নিয়েছেন সদস্যরা। দ্বারবন্ধ অনুষ্ঠান, মন্দির পরিদর্শনে হেলিকপ্টার ভাড়া সহ নানা কারণ দেখিয়ে টাকা হাতানো হয়েছে। ইচ্ছামতো হিসাব দেখিয়ে টাকা নিয়েছেন সবাই। দুর্নীতির বিষয়টি সামনে আসতেই জোর চর্চা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

Advertisement
সম্পর্কিত সংবাদ