Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে নতুন ও পুরানো মুখের লড়াই

একদিকে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তিনবারের বিধায়ক, অন্যদিকে বিরোধী শিবিরের নতুন মুখ। ভোট ঘোষণা হতেই সরগরম উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র।

এবার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে নতুন ও পুরানো মুখের লড়াই
  • ২৫ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: একদিকে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তিনবারের বিধায়ক, অন্যদিকে বিরোধী শিবিরের নতুন মুখ। ভোট ঘোষণা হতেই সরগরম উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রাজ্যের মন্ত্রী পুলক রায়। অন্যদিকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী করেছে আমিরুল ইসলাম খানকে। বিজেপির প্রার্থী স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ। এঁদের মধ্যে আমিরুল ও স্বামী মঙ্গলানন্দ দু’জনেই এই প্রথম বিধানসভা ভোটের ময়দানে। 

Advertisement

তৃণমূলের দাবি, অতীতের মতো এবারও মানুষ তাদের পাশে থাকবে। যদিও ফরওয়ার্ড ব্লক দাবি করছে, মানুষ পরিবর্তন চাইছেন। গত বিধানসভা নির্বাচনে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পুলক রায় বিজেপির পাপিয়া অধিকারীকে ২৮ হাজার ৪৩৮ ভোটে পরাজিত করেছিলেন। তৃণমূল পেয়েছিল ৫১.৫ শতাংশ ভোট। অন্যদিকে, বিজেপির ভাগ্যে জুটেছিল ৩৬.৬ শতাংশ ভোট। সেবার ফরওয়ার্ড ব্লক প্রার্থী কুতুবুদ্দিন আহমেদ পেয়েছিলেন ১০.৫ শতাংশ ভোট।
নির্বাচনে জয় প্রসঙ্গে তৃণমূল প্রার্থী পুলক রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা-মাটি-মানুষের সরকার সব সময় মানুষের পাশে থেকেছে। বিগত দিনে এই কেন্দ্রের মানুষ যেভাবে আমাদের পাশে থেকেছেন, আগামী দিনেও তাঁরা সেভাবেই আমাদের সমর্থন করবেন। আমরা কৃতজ্ঞ, তাঁদের ধন্যবাদ জানাই। তাঁরা স্থিতিশীলতার পক্ষেই রায় দেবেন, দৃঢ় বিশ্বাস। অন্যদিকে, নিজের জয় নিয়ে ১০০ শতাংশ আশাবাদী ফরওয়ার্ড ব্লক প্রার্থী আমিরুল ইসলাম খান। তিনি বলেন, এবার মানুষ তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে ভোট দেবেন। বামপন্থীরাই আগামীর পথ দেখাবে। নতুন মুখ ও পুরানো মুখ প্রসঙ্গে তাঁর দাবি, এখানে নতুন-পুরানো বলে কিছু নয়। মানুষের রায়ই শেষ কথা। তাঁরা পরিবর্তন চাইছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ