নয়াদিল্লি, ৩১ আগস্ট: সাময়িক স্বস্তি। ২৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিল সংক্রান্ত মামলায় সোমাবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ‘যোগ্য’ শিক্ষকদের চাকরি চালিয়ে যাওয়ার নির্দেশ উচ্চ আদালতের। বাড়ানো হল সময়সীমা। বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ আজ জানায়, আগামী ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত তাঁরা চাকরিতে থাকতে পারবেন। তবে এর পর আর কোনও মেয়াদ বাড়ানো হবে না বলেও স্পষ্ট করে দিয়েছে আদালত। বিচারপতির বক্তব্য, 'এটাই শেষ'।
২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে যাঁরা যোগ্য, তাঁদের নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য চাকরি চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। আগের নির্দেশ অনুযায়ী, যোগ্য শিক্ষকদের চাকরিতে থাকার অনুমোদিত সময়সীমা শেষ হচ্ছিল সোমবার, ৩১ অগস্ট। এর মধ্যেই স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রক্রিয়া শেষ না হওয়ায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সোমবার মামলার শুনানিতে আদালত নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য আরও সময় মঞ্জুর করে। সেই সঙ্গে ২০১৬ সালের প্যানেলের চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের চাকরি চালিয়ে যাওয়ার সময়সীমাও বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে করা হয়।
এর ফলে সংশ্লিষ্ট যোগ্য শিক্ষকদের আপাতত স্বস্তি মিলল। তবে আদালতের এ দিনের পর্যবেক্ষণে একটি বিষয় স্পষ্ট, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য এটিই শেষ সুযোগ। ২০২৭ সালের ৩১ মে-র পর আর মেয়াদ বৃদ্ধির আবেদন মঞ্জুর করা হবে না।