


সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোলে রথযাত্রা উপলক্ষ্যে জাঁকজমকপূর্ণ কার্নিভাল হচ্ছে। আজ, শুক্রবার ওই কার্নিভালে ধর্মতলা জগন্নাথ মন্দির, নয়াপাড়া, ভিতর বাজার, স্টেশন রোড, শঙ্করপুর সহ স্থানীয় রাধাগোবিন্দ মন্দিরগুলির ১৬টির বেশি সুসজ্জিত রথ অংশ নিচ্ছে। রথের সঙ্গে থাকবে একাধিক কীর্তনের দল। তাঁরা খোল, করতাল সহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে গাজোল জুড়ে পরিক্রমা করবে। উৎসবে ১৫ হাজারের বেশি ভক্ত সমাগম হবে বলে দাবি।
কার্নিভাল কমিটি সূত্রে জানা গিয়েছে, গাজোল সদরে রথের উৎসব আগে পৃথক ভাবে উদযাপন করা হতো। সদরের বেশকিছু রথ একসঙ্গে করে তিন বছর আগে একটি কমিটি গড়ে কার্নিভালের উদ্যোগ গ্রহণ করা হয়। গত বছর কার্নিভালে ১৩টি রথ অংশ নিয়েছিল। এতে ব্যাপক সাড়া পড়ে যায়। এবার তৃতীয় বর্ষে ১৬টি বেশি রথ অংশ নিচ্ছে। আজ, শুক্রবার রথযাত্রার দিনে বিকেল ৫টার আগে রথগুলি ৫১২ জাতীয় সড়কের গাজোলের বিদ্রোহী মোড়ে আসবে। তারপর একসঙ্গে রথগুলি এক এক করে বিদ্রোহী মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত পরিক্রমা করবে। সেখান থেকে বামনগোলা মোড় ঘুরে নয়াপাড়া জগন্নাথ দেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হবে। উল্টো রথে একই রুট দিয়ে পরিক্রমা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
গাজোল কার্নিভাল কমিটির সম্পাদক বিধান রায় বলেন, আমাদের কার্নিভালে এবার ১৬টি বেশি রথ অংশ নিচ্ছে। গাজোল জুড়ে পরিক্রমা হবে। ১৫ হাজারের বেশি ভক্ত সমাগম হবে। রথগুলি যাবে জগন্নাথের মাসির বাড়ি। সেখানে আট দিন ধরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সহ দেব দেবীদের সেবা, পুজো ও কীর্তন করা হবে। কয়েকদিন ধরে প্রতিদিন হাজারের বেশি ভক্তের প্রসাদের ব্যবস্থা থাকছে।
কার্নিভালে অংশ নেবে গাজোল ধর্মতলা মোড় জগন্নাথ মন্দির কমিটি। ওই কমিটির কোষাধ্যক্ষ পবিত্র বিশ্বাস বলেন, আমরা কার্নিভাল কমিটির সঙ্গে রয়েছি। সম্প্রতি মিটিং হয়েছিল। রথ উৎসব জেলাজুড়ে হয়। কিন্তু গাজোলে একটাই কার্নিভাল হচ্ছে। এটা আমাদের এলাকার গর্ব। এই রথই টানা হবে কার্নিভালে।
- নিজস্ব চিত্র।