অন্ধ্রপ্রদেশ, ৪ আগস্ট: বড়ো সাফল্য ইসরোর। ভারতের মহাকাশ গবেষণার মুকুটে যুক্ত হল আরও এক ঐতিহাসিক পালক। আজ শুক্রবার ভোররাতে প্রায় ২টো ৫৫ নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ হল জিএসএলভি-এফ১৭ রকেটের। এই অভিযানের জেরে অত্যাধুনিক আর্থ অবজারভেশন স্যাটেলাইট-০৫ অর্থাৎ ইওএস-০৫ কে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করল ইসরো।
ইসরো মারফত জানা গিয়েছে, প্রায় ২৩৬৭ কেজি ওজনের এই আধুনিক উপগ্রহ ভারতের আর্থ অবজারভেশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। প্রাকৃতিক বিপর্যয়, আবহাওয়ার পরিবর্তন, ঝড়-বৃষ্টি, কৃষিক্ষেত্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নজরদারি চালাতে বিশেষ ভূমিকা পালন করবে ইওএস-০৫। পাশাপাশি দেশের সীমান্তবর্তী এলাকাতেও নজরদারির চালাতে সক্ষম এই উপগ্রহ।
এই উপগ্রহের সবচেয়ে বড়ো সুবিধা হল, এইখান থেকে পাওয়া তথ্য দ্রুত বা প্রায় রিয়েল-টাইম ভিত্তিতে কাজে লাগানো সম্ভব হবে। ফলে কোনোরকম প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে। বিশেষজ্ঞদের মতে, দেশের বিস্তীর্ণ অঞ্চলকে মহাকাশ থেকে নিয়মিত পর্যবেক্ষণের ক্ষেত্রে এই উপগ্রহ কার্যত তৃতীয় নয়ন এর মতো কাজ করবে। গত পাঁচ থেকে ছয় বছর ধরে এই ধরনের উন্নত প্রযুক্তির উপগ্রহ তৈরির কাজ করছিলেন ভারতীয় বিজ্ঞানীরা।
ইসরোর চেয়ারম্যান বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি আরও জানান এই সাফল্য ভারতের মহাকাশ গবেষণাকে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও শক্তিশালী জায়গায় পৌঁছে দেবে। জিএসএলভি-এফ১৭ রকেট সফলভাবে ইওএস-০৫ কে তার নির্ধানিত কক্ষপথে স্থাপন করেছে এবং উপগ্রহটির কার্যকলাপ শুরু হয়েছে ইতিমধ্যেই। চলতি বছরে আরও ছয়টি উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি চলছে জোরকদমে। সেই তালিকায় রয়েছে ভারতের উচ্চাকাঙ্ক্ষী গগনযান মিশনও। ফলে ইওএস-০৫ এর সফল উৎক্ষেপণের পর ভারতের মহাকাশ অভিযানের গতি আরও বাড়তে চলেছে। এই সাফল্য ইসরোর বিজ্ঞানীদের মনোবল আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।