নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলবে ভারত। হেভিওয়েট ম্যাচের আয়োজন ঘিরে প্রস্তুতি তুঙ্গে। ম্যাচ আয়োজনে কোনো খামতি রাখতে নারাজ ফেডারেশন ও রাজ্যের ক্রীড়াদপ্তর। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, ‘ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। শুধু তাই নয় আগামী ৮ ও ১১ অক্টোবর যুবভারতীতে ভারতীয় মহিলা দলও খেলবে রাশিয়ার বিরুদ্ধে।’ সাংবাদিক সম্মেলনে পুলিশ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেও। ক্রীড়ামন্ত্রী আরও জানান, ভিনিসিয়াসদের ‘স্টেট গেস্ট’ অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি’র সম্মান দেবে রাজ্য। আগামী ২ অক্টোবর মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হচ্ছে। সেখানে ব্রাজিল ও ভারতীয় দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।



