সংবাদদাতা, বনগাঁ: বিজেপির যুব মোর্চার বাইক র্যালি ঘিরে তুলকালাম কাণ্ড বাধল বনগাঁর গাঁড়াপোতায়। অনুমতি না থাকায় বৃহস্পতিবার বিকালে র্যালি আটকে দেয় পুলিশ। তখনই শুরু হয় ঝামেলা। র্যালি আটকালে পুলিশের সঙ্গে বচসা হয় বিজেপি কর্মীদের। জোর করে বাইক র্যালি করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। অভিযোগ, পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে হামলা চালিয়েছে বিজেপি সমর্থকরা। যার জেরে খণ্ডযুদ্ধ বেধে যায় দু’পক্ষের। রাস্তায় আধ ঘণ্টা জুড়ে ধস্তাধস্তি চলে। চলে কিল, চড়, ঘুসি। পুলিশের দাবি, তিনজন পুলিশকর্মী জখম হয়েছেন। আটক করা হয়েছে দুই বিজেপি কর্মীকে। ঘটনার পর এলাকায় আসে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। এলাকায় রুট মার্চ করে তাঁরা। পুলিশ জানিয়েছে, প্রায় ৩০ থেকে ৩৫টি বাইক ছিল র্যালিতে। যদিও শেষ পর্যন্ত পুলিশি বাধায় র্যালি স্থগিত হয়ে যায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বাগদা বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে পরিবর্তন যাত্রার সমর্থনে এই বাইক র্যালির আয়োজন করা হয়েছিল। বিকালে বনগাঁ থানার গাঁড়াপোতা থেকে র্যালি শুরু হয়। কিন্তু অনুমতি না থাকায় শুরু হওয়ার পরই র্যালি আটকে দেয় বনগাঁ থানার পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা শুরু হয়। দুপক্ষের ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশকে মারধর করে বলে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ। বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত বলেন, বাইক র্যালির অনুমতি ছিল না। জোর করে র্যালি করছিল। পুলিশ বাধা দিলে পুলিসকে আক্রমণ করে বিজেপি কর্মীরা। তিনজন পুলিশকর্মী জখম হয়েছেন। দুজন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। যদিও বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ বলেন, পুলিশ জোর করে আমাদের র্যালি আটকে দিয়েছে। সেই সময় একজন দলের উদ্দেশ্যে কটু মন্তব্য করছিলেন, কর্মীরা তাঁকে ধাক্কা দেয়। উনি সিভিল পোশাকে থাকায় পুলিশ কি না বুঝতে পারেনি। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিজেপি বিনা অনুমতিতে র্যালি করছিল। পুলিশ বাধা দিলে পুলিশের উপর চড়াও হয় বিজেপির হার্মাদ বাহিনী। ওদের সঙ্গে মানুষ নেই। সেকারণে বিধানসভা নির্বাচনের আগে অশান্তি করতে চাইছে। অন্যদিকে, এদিন সকালে বনগাঁতেও একটি বাইক র্যালি করে বিজেপির যুব মোর্চার সদস্যরা। সেই র্যালিতে ছিলেন পুরসভার কাউন্সিলার দেবদাস মণ্ডল। র্যালির অনুমতি না থাকায় দেবদাস মণ্ডলের সঙ্গে বনগাঁ থানার আইসি রাকেশ চন্দ্র সাধুখাঁর তর্কাতর্কি হয়। যদিও পরবর্তীতে শহরে র্যালি করে বিজেপি কর্মীরা।