Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ছিল না খাবার-অক্সিজেন সিলিন্ডার, এক সপ্তাহ পর উদ্ধার দাওয়া শেরপা

মাউন্ট এভারেস্ট অভিযান চলাকালীন খাবার ও অক্সিজেন ছাড়াই নিখোঁজ দাওয়া শেরপাকে উদ্ধার করা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। বিস্তারিত পড়ুন।

ছিল না খাবার-অক্সিজেন সিলিন্ডার, এক সপ্তাহ পর উদ্ধার দাওয়া শেরপা
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাঠমান্ডু: এক সপ্তাহ আগের কথা। মাউন্ট এভারেস্ট অভিযান চলাকালীন ক্যাম্প ৩ থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দাওয়া শেরপা। অবশেষে বৃহস্পতিবার ভোরে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা হল। উদ্ধারের সময় দেখা যায়, ফ্রস্টবাইটের কবলে পড়েছে দাওয়া শেরপার দু’হাত। গোটা শরীর ছিল অত্যন্ত দুর্বল। খাবার বা অক্সিজেন সিলিন্ডার ছাড়াই তীব্র প্রতিকূল আবহাওয়ার মধ্যে তিনি যেভাবে মৃত্যুকে জয় করে ফিরলেন, তা দেখে হতবাক সকলে। 

Advertisement

এদিন ভোরে ক্র্যাম্পটন পয়েন্টের কাছে আবর্জনা সাফাইয়ের একটি দলের সদস্যরা দেখেন, বরফের চাদর বেয়ে হামাগুড়ি দিয়ে নেমে আসছেন দাওয়া শেরপা। তাঁকে দেখে রীতিমতো হতবাক হয়ে যান ওই দলের সকলে। পেম্বা শেরপা জানিয়েছেন, সংকটজনক অবস্থায় দাওয়াকে কাঠমান্ডুতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। দাওয়ার এভাবে মৃত্যুকে জয় করে ফিরে আসার ঘটনাটিকে ‘অবিশ্বাস্য’ বলে ব্যাখ্যা করেছেন পেম্বা শেরপা। দাওয়ার মেয়ে মেনদো লামো শেরপা বলেন, ‘বাবা আমাকে চিনতে পেরেছেন। কথাও বলেছেন। আমরা খুব খুশি।’ এবারের মরশুমে এভারেস্ট ও মাকালু অভিযানে গিয়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৯ মে পোল্যান্ডের এক অভিযাত্রীকে সহযোগিতার সময় ক্যাম্প ৩ থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৫২ বছরের দাওয়া শেরপা। সেই রাত থেকে আর তিনি ক্যাম্প ২-তে নেমে আসেননি। তবে কোনো খাবার ও অক্সিজেন না থাকা সত্ত্বেও শুধুমাত্র মনের জোরে দাওয়া এই অসাধ্য সাধন করতে পারলেন বলে অভিমত সকলের।

Advertisement
সম্পর্কিত সংবাদ