নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এখনও শেষ হল না আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার তদন্ত। তদন্ত রিপোর্টে দুর্ঘটনার রহস্য উন্মোচনের প্রত্যাশা করা হচ্ছে। কিন্তু সরকারের বিবৃতি থেকে সংশয় আরও বাড়ছে। রহস্য ঘনীভূত হচ্ছে। কারণ বুধবার কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়েছে, ওই দুর্ঘটনাগ্রস্ত ফ্লাইটের কন্ট্রোল সুইচে কোনো সমস্যা ছিল না। এগুলি চালান পাইলট ও কো পাইলট। কন্ট্রোল সুইচের যান্ত্রিক গোলযোগের কারণেই লন্ডনগামী ওই ফ্লাইট নিয়ন্ত্রণহীন হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় আছড়ে পড়েছে এমন নয়। এর আগেই প্রাথমিক তদন্তে বলা হয়েছিল,ইঞ্জিনের ত্রুটি নেই। এবার অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার রিপোর্টকে উল্লেখ করে কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রক বলেছে, গলদ ছিল না কন্ট্রোল সুইচেও। সর্বশেষ বাকি রয়েছে থ্রাস্ট কন্ট্রোল মডিউল। যা এই মুহূর্তে পরীক্ষা করা চলছে। কেন্দ্র বুধবার জানিয়েছে, চূড়ান্ত রিপোর্ট এখনই পাওয়া যাবে না। তবে আশা করা হচ্ছে অক্টোবর মাসে তা জমা দেবে তদন্তকারী বিভাগ।



