সংবাদদাতা, উলুবেড়িয়া: জলাভূমির চারিদিকে জঙ্গল আগাছায় ভর্তি। তারই মাঝখানে দাঁড়িয়ে আছে নবনির্মিত সুস্বাস্থ্য কেন্দ্র। তবে কেন্দ্রটি এখনও চালু করা যায়নি। কারণ সুস্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার কোনো রাস্তাই নেই। ফলে কেন্দ্রটি তৈরি হলেও চিকিৎসা পরিষেবা চালু করা যায়নি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে সূত্রের খবর, সুস্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
সাধারণ মানুষকে তাঁদের বাড়ির কাছে চিকিৎসা পরিষেবা দিতে পূর্বতন সরকারের আমলে বিভিন্ন বিধানসভা এলাকায় একাধিক সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই মতো উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের ভাণ্ডারগাছা অঞ্চলেও একটি ঝকঝকে সুস্বাস্থ্য কেন্দ্রে তৈরি করা হয়। আমতা রানিহাটি রাস্তার পাশে অশ্বথতলায় দোতলা কেন্দ্রটি তৈরি করা হয়। যদিও তৈরির পর থেকে সুস্বাস্থ্য কেন্দ্রটি চালু করা যায়নি। কারণ জলাভূমির মাঝখানে তৈরি হওয়া সুস্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার কোনো রাস্তা নেই। তাই সুস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন তালাবন্দি অবস্থায় পড়ে আছে।
সাধারণ মানুষের বক্তব্য, আগের সরকারের আমলে একটি নীচু জলাজমিতে এই সুস্বাস্থ্য কেন্দ্রটি তৈরি হয়েছিল। একটু বৃষ্টিতেই সেখানে জল জমে যায়। এদিকে, কেন্দ্রে যাওয়ার কোনো রাস্তা তৈরি করা হয়নি। ফলে সুস্বাস্থ্য কেন্দ্রটি চালুও হয়নি। অবিলম্বে রাস্তা তৈরি করে স্বাস্থ্য কেন্দ্র চালুর দাবি জানান এলাকার বাসিন্দারা। রাস্তার অভাবে এই সুস্বাস্থ্য কেন্দ্রে না চালু হওয়া নিয়ে এলাকার বিধায়ক চিরণ বেরা বলেন, ওই জমিতে মাটি ফেলে রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলে রাস্তার কাজ শুরু হবে।