Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ব্রাজিলের বিরুদ্ধে কুঁকড়ে থাকার প্রশ্নই নেই: আনোয়ার

স্বপ্নের উড়ানে ভারত। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯৪ ধাপ এগিয়ে থাকা পানামাকে রুখে দেওয়ার পর ব্লু টাইগার্সকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে। এবার মিশন কলকাতা।

ব্রাজিলের বিরুদ্ধে কুঁকড়ে থাকার প্রশ্নই নেই: আনোয়ার
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী, কলকাতা: স্বপ্নের উড়ানে ভারত। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯৪ ধাপ এগিয়ে থাকা পানামাকে রুখে দেওয়ার পর ব্লু টাইগার্সকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে। এবার মিশন কলকাতা। ৩ অক্টোবর ফুটবলের মক্কায় ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত। ভিনিসিয়াস, রাফিনহাদের বিরুদ্ধে লড়াই কতটা কঠিন? বর্তমানের নানা প্রশ্নের খোলামেলা জবাব দিলেন ভারতীয় দলের অন্যতম সেরা ফুটবলার আনোয়ার আলি। 

Advertisement

প্রশ্ন: পানামার বিরুদ্ধে ব্লু টাইগার্সের লড়াই দেখে বিশেষজ্ঞরা মুগ্ধ। এই ম্যাচের পর ফুটবলাররা কতটা আত্মবিশ্বাসী?
আনোয়ার: ভারতীয় ফুটবলের জন্য দারুণ মুহূর্ত। কোচের নির্দেশ মেনে ৯০ মিনিট আমরা শুধু শেপ বজায় রাখার চেষ্টা করেছি। ৫০-৫০ বলের জন্যও ঝাঁপিয়েছে সবাই। এই  টগবগে টিম স্পিরিটটা ভীষণ প্রয়োজন।
প্রশ্ন: সামনে এবার ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামার আগে কতটা রোমাঞ্চিত?
আনোয়ার: দেখুন, অস্বীকার করার উপায় নেই ফুটবলার হিসাবে বেশ উত্তেজিত। ব্রাজিলের বিরুদ্ধে নামার সুযোগ তো জীবনে বারবার আসে না। এটুকু বলতে পারি শুধু মাঠে নয়, এটা আসলে মানসিক যুদ্ধ। সবাইকে পজিটিভ থাকতে হবে। কাঁধ ঝুললে চলবে না।
প্রশ্ন: দুরন্ত ব্রাজিল। বিপক্ষে ভিনিসিয়াস, রাফিনহার মতো তারকা। সেলেকাওদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সম্ভব?
আনোয়ার: ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল। কী কোয়ালিটি ভাবুন! ভিনিসিয়াস-রাফিনহাদের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে মাঠে নামব। এটাই তো সবচেয়ে বড়ো মোটিভেশন। গোটা দলকে ২০০ শতাংশ উজাড় করে দিতে হবে। বিপক্ষে সবাই তারকা। ওদের সম্মান করি। কিন্তু মাঠে নামার পর সবাই প্রতিপক্ষ। সেখানে কুঁকড়ে থাকার প্রশ্নই নেই।
প্রশ্ন: ক্লাব ফুটবল হোক বা জাতীয় দল—এই মুহূর্তে দুরন্ত ছন্দে আনোয়ার। সাফল্যের রহস্য ঠিক কী?
আনোয়ার: আমি সেরা কি না তা নিয়ে ভাবা নিষ্প্রয়োজন। বরং প্রতিদিন শিখতে চাই। নিজেকে পরিমার্জিত না করলে টিকে থাকা মুশকিল। ব্যক্তিগত উপলব্ধি, ফুটবলার আনোয়ার আলির আরও ধারাবাহিকতা দরকার।
প্রশ্ন: অনুরাগীদের জন্য কী বার্তা দিতে চান?
আনোয়ার: ভারতীয় ফুটবলে এমন ম্যাচ কমই এসেছে। সমর্থকদের অনুরোধ, বরাবরের মতো আমাদের পাশে থাকুন। সোমবার আমরা কলকাতায় পা রাখছি। মেগা ম্যাচে যুবভারতীর কোন সিট যেন খালি না থাকে। গ্যালারির গর্জন ফুটবলারদের উৎসাহিত করবে। কথা দিচ্ছি, প্রতিটা ইঞ্চির জন্য লড়বে ভারত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ