Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশ্বাসঘাতকের জায়গা নেই, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। কর্মীদের একত্রিত হওয়ার আহ্বান। বিস্তারিত পড়ুন।

বিশ্বাসঘাতকের জায়গা নেই, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যে সমস্ত সাংসদ, বিধায়করা বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বা অন্য দল গঠন করেছেন, তাঁদের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কুণাল ঘোষের ডাকে রামমোহন হলে ‘আমরা বেইমান নই’ শীর্ষক একটি কর্মসূচি নেওয়া হয়েছিল। সেখানেই কুণালের মোবাইলে কর্মীদের উদ্দেশে বার্তা দেন মমতা। গত কয়েকদিন ধরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে সমস্ত তৃণমূল বিধায়করা বিদ্রোহী হয়ে উঠেছেন, তাঁদের চড়া সুরে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘বেইমান, বিশ্বাসঘাতকদের কোনো জায়গা নেই। দল হচ্ছে মা। মা যখন অসুস্থ, তখন ওরা ছুরি মারছেন। কর্মীদের রক্তের বিনিময়েই কেউ কাউন্সিলর, কেউ এমএলএ, কেউ এমপি হয়েছেন। কিন্তু, আজ কর্মীদের উপেক্ষা করে তারা টাকার লোভ আর সম্পত্তি বাঁচাতে অন্য দলে চলে যাচ্ছেন। বিজেপির সঙ্গে আপস করছেন। এর থেকে তো ভালো হত, যদি আগেই বিজেপিতে চলে যেতেন। কর্মীরা আজ ওই নেতাদেরকে প্রশ্ন করছেন, কৈফিয়ৎ চাইছেন। কিন্তু তারা উত্তর দিতে পারছেন না।’ এরপরই দলীয় কর্মীদের উদ্দেশে মমতার আবেদন— ‘সবাই একত্র থাকুন, জোটবদ্ধ হন। আমরা আবার ঘুরে দাঁড়াব। দলকে শক্তিশালী করব।’ তৃণমূল নেত্রীর আরও সংযোজন, ‘দলকে শক্তিশালী করার সূত্রপাত হবে আগামী একুশে জুলাই। ওই দিন আমরা ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করব। সবাই আসুন। আশা করি, পুলিশ সেই কর্মসূচির অনুমতি দেবে। আর এখনো যাঁরা ভাবছেন কী করবেন, তাঁদের বলব, শুভবুদ্ধির উদয় হোক, ফিরে আসুন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ