ওয়াশিংটন: আমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যে দু’টি ফুয়েল কন্ট্রোল সুইচই ‘রান’ থেকে ‘কাট-অফ’ অবস্থানে সরে গিয়েছিল। ফলে ইঞ্জিনে জ্বালানির জোগান বন্ধ হয়ে পড়ে। এরই মধ্যে এবার আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দাবি করল, বোয়িং বিমানের ফুয়েল কন্ট্রোল ইউনিট বা সুইচে কোনও যান্ত্রিক সমস্যা রয়েছে বলে মনে হয় না। মার্কিন অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রণ সংস্থাটির আরও বক্তব্য, অসাবধানতাবশত সুইচের অবস্থান বদল হওয়াও কার্যত অসম্ভব।
মার্কিন সংস্থা বোয়িংয়ের তৈরি এয়ার ইন্ডিয়ার বিমানটি আমেদাবাদে ভেঙে পড়ে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। ফলে আমেরিকার সংস্থা বোয়িংয়ের তৈরি বিমান ও আরও এক মার্কিন সংস্থা জিই-এর তৈরি ইঞ্জিনের নিরাপত্তা কতটা, সেই প্রশ্নও উঠছে। এই অবস্থায় এফএএ-এর প্রশাসক ব্রায়ান বেডফোর্ড উইসকনসিনে এক এয়ার শো-এর ফাঁকে বলেন, আমরা চূড়ান্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, বোয়িং ফুয়েল কন্ট্রোল ইউনিটে কোনও যান্ত্রিক সমস্যা আছে বলে মনে হয় না। ফুয়েল কন্ট্রোলে অসাবধানতাবশত কোনও রকম অবস্থান বদলের সম্ভাবনাও আমরা দেখছি না। এফএএ কর্মীরা এই ইউনিট পরীক্ষা করে দেখেছেন।’