নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ চতুর্থী। ইতিমধ্যেই অনেকেই বেবিয়ে পড়েছেন প্যান্ডাল হপিং-এ। কিন্তু চিন্তা একটাই কেমন থাকবে পুজোর পাঁচদিনের আবহাওয়া? হাওয়া অফিস আজ জানিয়ে দিল পুজোর প্রথম দু’দিন বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূল ও তার সংলগ্ন জেলা গুলোতে। বাতাসের নিম্নস্তরে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর ফলে আগামী তিন চার দিন উপকূলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ইতিমধ্যেই কলকাতা, দুই ২৪ পরগনা, এবং দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে।
আগামীকাল অর্থাৎ পঞ্চমীর দিন বৃষ্টি বাড়বে। কলকাতা দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
বৃষ্টি অনেকটাই কমবে ষষ্ঠীর দিন অর্থাৎ শুক্রবার। ঐদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। শনিবার সপ্তমীর দিন বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি থাকবে কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। রবিবার অর্থাৎ দ্বিতীয় সপ্তমীর দিন থেকে দক্ষিণ বঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও ১৮ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে দার্জিলিং, কালিম্প, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
অন্যদিকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলা থেকেই মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। এখনও মোট পাঁচ জেলা দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনা ছাড়াও হাওড়ার কিছু অংশে রয়েছে মৌসুমী বায়ু। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই পাঁচ জেলা থেকেও বর্ষা বিদায় নেবে আর ৪৮ ঘন্টার মধ্যে।



