নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টানা কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকার পর বুধবার চতুর্থীর দিন কলকাতা ও লাগোয়া এলাকায় কোথাও কোথাও কিছুটা বৃষ্টি হল। আজ বৃহস্পতিবার পঞ্চমী ও আগামীকাল শুক্রবার ষষ্ঠীর দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই দুদিন বুধবারের তুলনায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে। শনিবার সপ্তমীর দিন বৃষ্টি কমে যাবে। রবিবার দ্বিতীয় সপ্তমীর দিন থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার হবে। তখন থেকে পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা আর বিশেষ নেই বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস বুধবার জনিয়েছেন। উপকূল লাগোয়া ও কাছাকাছি এলাকায় এই দফায় বৃষ্টি তুলনামূলকভাবে বেশি হবে। তামিলনাড়ু ও শ্রীলঙ্কার কাছাকাছি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত আছে। সেখান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় রাষ্পপূর্ণ পুবালি ও দখিনা বাতাস দক্ষিণবঙ্গের উপকূল এলাকায় বায়ুমণ্ডলের নীচের স্তরে প্রবেশ করার জন্য কোথাও কোথাও বৃষ্টির মেঘ তৈরি করছে। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, এই পরিস্থিতিতে কোনো কোনো জায়গায় কিছু সময় ধরে বৃষ্টি হতে পারে। তবে খুব বেশি পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। এদিকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার দেশের বাকি অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। একই সঙ্গে দক্ষিণ ভারতে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে দ্বিতীয় পর্বের বর্ষা মরশুম শুরু হবে।
আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার পুজোর দিনগুলির জন্য দ্বিতীয় পর্বের বিশেষ আবহাওয়া পূর্বাভাস জারি করেছে। আজ বৃহস্পতিবার কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি অংশে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পরের দুদিন দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।



