


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিহারে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্ত অঞ্চল থেকে ঝাড়খন্ড, ওড়িশা হয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত গেছে অক্ষরেখা। যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। সেজন্যই দক্ষিণ বঙ্গ জুড়ে চলছে আর্দ্রতা জনিত তীব্র অস্বস্তি। তবে এই অস্বস্তি থেকে মুক্তির স্বস্তির খবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে।
বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে সোমবার এবং মঙ্গলবার বিকেলের পর ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই দুদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মত পশ্চিমের জেলাগুলোতে। বুধবার থেকে দক্ষিণ বঙ্গ জুড়ে গরম ও অস্বস্তি কমার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। এই সময় বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা।
বুধবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকছে কালবৈশাখী সম্ভাবনা। বুধবার এই সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বৃহস্পতিবার কালবৈশাখীর সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলী এবং বাঁকুড়া জেলাতে। শুক্রবার কালবৈশাখী হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে। এছাড়াও এই তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস। শনিবারও বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আর এই চার দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমার সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া বিজ্ঞানীরা। অন্যদিকে উত্তরবঙ্গে জেলাগুলোতে বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর।