নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শনিবার থেকে জনগণনার প্রথম পর্যায় শুরু হয়েছে। শুরু থেকেই বিভিন্ন জেলায় এনিয়ে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। সেই তুলনায় কলকাতা পিছিয়ে রয়েছে স্ব-গণনায় (সেল্ফ ইনিউমারেশন)। মহানগরে বেশ ধীর গতিতে এই কাজ এগচ্ছে বলে খবর। কলকাতায় রবিবার দুপুর পর্যন্ত প্রায় ১০ হাজার বাসিন্দা স্ব-গণনা সম্পন্ন করেছেন বলে জানা গিয়েছে। উত্তর ২৪ পরগনা, মালদহে যথাক্রমে ৩০ হাজার ও ২৫ হাজারের বেশি মানুষ এই প্রক্রিয়া শেষ করে ফেলেছেন। দক্ষিণ ২৪ পরগনায় সেই সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। কমবেশি একই অবস্থা উত্তরবঙ্গের একাধিক জেলায়। প্রায় ১৬ বছর পর জনগণনার কাজ শুরু হয়েছে। কিন্তু পাহাড়, তরাই ও ডুয়ার্সের মানুষের মধ্যে প্রথমদিন সেই উৎসাহ লক্ষ্য করা যায়নি। এদিন দুপুর পর্যন্ত দার্জিলিঙে প্রায় চার হাজার, কালিম্পংয়ে দু’হাজারের কাছাকাছি, আলিপুরদুয়ারে তিন হাজারের কিছু বেশি মানুষ স্ব-গণনা সেরে ফেলেছেন। সার্বিকভাবে রাজ্যে রবিবার দুপুর পর্যন্ত প্রায় তিন লক্ষ মানুষ এই কাজ করেছেন। কলকাতার ক্ষেত্রে এমন ব্যতিক্রমী পরিস্থিতি কেন? সূত্রের খবর, হাতে এখনও অনেকটা সময় আছে ধরেই নিয়েই কেউ কেউ দেরি করছেন। কেউ কেউ বলছেন, ‘এটা তো এসআইআরের মতো নয়, তাই চাপ কম। পরে করে নেওয়া যাবে।’



