Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিস্তীর্ণ অংশে সরকারি বাসই নেই, ফ্রিতে চড়বেন কীভাবে মহিলারা?

সোমবার থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের পরিষেবা চালু হয়েছে। কলকাতায় এনিয়ে মহিলাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস থাকলেও দক্ষিণ ২৪ পরগনার একটি বড়ো অংশে মহিলারা সরকারি বাসে নিখরচে যাতায়াতের সুযোগ পাবেন না।

বিস্তীর্ণ অংশে সরকারি বাসই নেই, ফ্রিতে চড়বেন কীভাবে মহিলারা?
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোমবার থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের পরিষেবা চালু হয়েছে। কলকাতায় এনিয়ে মহিলাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস থাকলেও দক্ষিণ ২৪ পরগনার একটি বড়ো অংশে মহিলারা সরকারি বাসে নিখরচে যাতায়াতের সুযোগ পাবেন না। কারণ এই জেলার বিস্তীর্ণ এলাকায় সরকারি বাসই নেই। তাই জেলার বিভিন্ন প্রান্তে বেশি সংখ্যক সরকারি বাস চালুর দাবি তুলেছেন মহিলারা। ক্যানিং, সোনারপুর, বারুইপুর, জয়নগর প্রভৃতি এলাকায় সরকারি বাসের দেখা মেলা ভার। বারুইপুর রুটে সরকারি বাস থাকলেও তা ডুমুরের ফুল। দেখাই মেলে না। বজবজ, মহেশতলা ও সাতগাছিয়ায় একই পরিস্থিতি। এখানে হাতেগোনা সরকারি বাস আছে। তবে সেই বাস কখন আসে, কখন যায়, কেউ জানে না। সেদিক থেকে দেখলে কাকদ্বীপ, ডায়মন্ডহারবারের বাসিন্দারা অনেকেই এই সুবিধা পাবেন। কারণ ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা থেকে কাকদ্বীপ রুটে অনেক বাসই যাতায়াত করে।

Advertisement

একটা সময় বারুইপুর থেকে হাওড়া পর্যন্ত সরকারি বাস চলত। মাঝে করুণাময়ী পর্যন্ত এসি বাসও চালু হয়। এখন সেসব অতীত। সাধারণ মানুষের বক্তব্য, গড়িয়ার দিকে যেতে হলে বেসরকারি বাস বা অটোর উপরই ভরসা করতে হয়। রুমা পাল, সুমনা মণ্ডল, রুকসানা খাতুন সহ একাধিক মহিলার একটাই কথা, আমরা কি এই সুযোগ নিতে পারব না? সন্ধ্যার পর বাস থাকে না। অটো চলে কাটা রুটে। তখন কার্যত দ্বিগুণ টাকা খরচ করে গন্তব্যে পৌঁছাতে হয়। তাই বারুইপুর থেকে কলকাতা যাওয়ার জন্য নিয়মিত সরকারি বাস চালানো দরকার। এর ফলে অনেকেরই উপকার হবে। সোনারপুর থেকে বহু মহিলা বারুইপুর বা কলকাতায় কাজে যান। সরকারি বাস পেলে তাঁরা বিনামূল্যে যাতায়াত করতে পারতেন। সুন্দরবনে যেতে গেলেও ট্রেন, গাড়ি ভাড়া করে যেতে হয়। ক্যানিং, বাসন্তী, গোসাবার দিকে সরকারি বাস নেই বললেই চলে। বিগত সরকার ঘটা করে কয়েকটি সরকারি বাস চালু করলেও সেই বাস এখন দেখাই যায় না বলে অভিযোগ। তবে বকখালি, পাথরপ্রতিমায় যাওয়ার ক্ষেত্রে সরকারি বাসের সংখ্যা তুলনায় বেশি। এই রুটের মহিলাদের সরকারি বাস পেতে খুব একটা সমস্যা হয় না।
এদিন ধর্মতলা থেকে কাকদ্বীপে আসা প্রতিটি বাসে মহিলা যাত্রীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এক সরকারি বাসের কনডাক্টর আশিস বারুই বলেন, ধর্মতলা থেকে কাকদ্বীপে এসেছি ১০২ জন যাত্রী নিয়ে। তাঁদের মধ্যে ৫৫ জন মহিলা ও ৪৭ জন পুরুষ যাত্রী ছিলেন। আগামী দিনে বাসে যাতায়াতের ক্ষেত্রে মহিলাদের সংখ্যা আরও বাড়বে বলে মনে হয়। কিন্তু দক্ষিণ শহরতলি ও আরও প্রত্যন্ত অংশে থাকা মহিলারা কি আদৌ এই সরকারি পরিষেবা নিতে পারবেন? প্রশ্ন থেকেই যাচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ