নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: শহর থেকে গ্রামে এখন পুজোর তোড়জোড় শুরু। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। মধ্যবিত্তের আয়ের চেয়ে ব্যয় বেশি। মানুষের সেই অসহায়তার ছবিই বহরমপুরের লোয়ার কাদাই সর্বজনীন দুর্গোৎসবে ফুটিয়ে তোলা হবে। ৮৬তম বর্ষে এই পুজোর থিম ‘অসহায় মানুষ’। প্রতিবছরই এই কমিটির থিমভাবনায় অভিনবত্ব থাকে। এবার আমজনতার নিত্য সমস্যার কথাই তারা তুলে ধরছে।
ছোট জায়গার মধ্যেই স্থানীয় যুবকরা দেবীর বন্দনা করেন। ইতিমধ্যেই বাঁশ বেঁধে জোরকদমে প্যান্ডেল তৈরি শুরু হয়েছে। বহরমপুরের খাগড়ার প্রতিমাশিল্পী অসীম পালের কারখানায় বিশাল প্রতিমা তৈরি হচ্ছে। প্রতিমায় থাকবে সাবেকিয়ানার ছোঁয়া। এবছর মণ্ডপের বাইরে দেশের ২৫জন নামকরা শিল্পীর আঁকা ছবি নিয়ে আর্ট গ্যালারি করা হচ্ছে। যা দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে পুজো উদ্যোক্তারা আশাবাদী। কমিটির সদস্য সৌম্যদীপ সোনাই, অর্ণব সরকার, শাশ্বত বিশ্বাস, বাপ্পা চট্টোপাধ্যায়, অভিনব কুণ্ডুরা দিনরাত এক করে মণ্ডপসজ্জায় মনোনিবেশ করেছেন। উদ্যোক্তা সৌম্যদীপ সোনাই বলেন, দেশজুড়ে ভয়ঙ্কর অবস্থা চলছে। যাঁরা থলে হাতে বাজারে যান, তাঁরা বুঝতে পারেন কী অসহায় পরিস্থিতির মধ্যে মানুষকে দিন কাটাতে হচ্ছে। সেই কারণেই এই থিমের পরিকল্পনা করা হয়েছে। আশা করছি, আমরা দর্শনার্থীদের মন জয় করে নিতে পারব। পুজোর বাজেট প্রায় ১০লক্ষ টাকা। মণ্ডপের পাশাপশি লোয়ার কাদাইয়ের রাস্তার দু’পাশ হরেকরকম আলোকমালায় সাজিয়ে তোলা হবে। পঞ্চমীতে পুজো উদ্বোধন হবে।