নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘চুরি হতে দেখেও কুকুর যদি না চেঁচায়, বুঝতে হবে চোর তার চেনা।’ লোকসভায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির এই মন্তব্যকে হাতিয়ার করে এবার রামমন্দিরের প্রণামি চুরি ইস্যুতে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করল কংগ্রেস। ‘অতি-ভক্তি চোরের লক্ষণ’, এই প্রবাদ বাক্যকেও তুলে ধরা হল। দলের মুখ্য মুখপাত্র জয়রাম রমেশ যেমন সোশ্যাল মিডিয়ায় এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, তেমনি সাংবাদিক সম্মেলনে তোপ দেগেছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শক্তিসিং গোহিল।
জয়রাম রমেশের মন্তব্য, প্রধানমন্ত্রীজি, রামমন্দিরের কৃতিত্ব নেওয়ার বেলায় তো আপনি সবার আগে ছিলেন। আর এখন প্রণামি চুরির দায় নিতে কেন বাঁচতে চাইছেন? গোটা দেশের কাছে নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে হবে। শক্তি সিং গোহিল বলেন, চলতি বছরের ২৭ এপ্রিল থেকে ৫ জুন, চল্লিশ দিনের সিসিটিভি ফুটেজে ৭০ বার চুরি হতে দেখা গেছে। জুতোর মধ্যে, পুঁটলিতে বেঁধে প্রণামি পাচার হয়েছে। ২০২৩-২৫ সালের অডিটেও ইঙ্গিত মেলে চুরি হচ্ছে। তারপরেও কেন চম্পত রাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেননি মোদিজি? তাহলে কি সবই জানতেন তিনি?
সাংবাদিক সম্মেলনে এদিন চম্পত রাই এবং বাজপেয়ির দুটি পুরানো ভিডিও দেখান গোহিল। যেখানে চম্পত রাই বলছেন, নরেন্দ্র মোদি কোনো সাধারণ মানুষ নন। ভগবান বিষ্ণুর অবতার। আর অটলবিহারী বাজপেয়ি বলছেন, কুকুর যদি না চেঁচায়, তাহলে বুঝতে হবে চোর তার চেনা। শক্তি সিং বলেন, চম্পত রাইয়ের এই অতি ভক্তি কেন? আমি কাউকে কুকুর বলছি না। তবে বাজপেয়িজির এই কথাটি গুরুত্বপূর্ণ, সেটাই উদাহরণ হিসেবে তুলে ধরছি। মোদি-শাহ জুটিকে কটাক্ষ করে (একসময়ের মস্তান) রঙ্গা-বিল্লা বলেও কটাক্ষ করেন গোহিল।