নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্বাধীনতা দিবসের রাতে আমডাঙা থানা লাগোয়া এলাকার এক বাড়ি থেকে দুঃসাহসিক চুরি হয়ে গেল। অভিযোগ, ওই বাড়িতে তালা দিয়ে পরিবারের সদস্যরা বাইরে গিয়েছিলেন। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে থাকা লক্ষাধিক টাকা, সোনার গয়না-সহ প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে রত্নময় ভৌমিক ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে বাইরে বেড়াতে গিয়েছিলেন। শনিবার রাতে বাড়ি ফিরে তাঁরা দেখতে পান, দরজার তালা ভাঙা। ঘরে ঢুকতেই চোখে পড়ে, আলমারি ও ড্রয়ার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্রও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা বাড়ির পিছনের দিক দিয়ে ছাদে উঠে সিঁড়িঘরের তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে। এরপর আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ টাকা, সোনার গয়না সহ মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়।



