নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামীকাল মঙ্গলবার রাজ্যে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে। মৌসুমি বায়ুর বিদায় রেখা কয়েকদিন ধরে রাজ্যের প্রায় দোরগোড়ায় এসে বিহার-ঝাড়খণ্ডের উপর থমকে রয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর রবিবার জানিয়েছে, আগামীকাল মঙ্গলবারের মধ্যে পূর্ব ও উত্তর ভারত এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের অংশ থাকবে বলে আবহাওয়াবিদরা আশা করছেন। দেশের ৬০ শতাংশের বেশি জায়গা থেকে ইতিমধ্যে বর্ষা বিদায় নিয়েছে। তবে বর্ষা বিদায়ের পরেও বঙ্গোপসাগরে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে পুজোর প্রথম দিকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার চতুর্থীর দিন দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়া জেলা এবং কলকাতার কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার-শুক্রবার পঞ্চমী-ষষ্ঠীর দিন এই জেলাগুলি ছাড়াও হুগলি ও ঝাড়গ্রাম জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গায়। শনিবার সপ্তমীর দিন হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রাম জেলায়। ওইদিন দক্ষিণবঙ্গের অন্য জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। এটি কিছুটা শক্তি বৃদ্ধি করে তামিলনাড়ু-অন্ধ্র উপকূলের দিকে গেলেও বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে প্রবেশ করে বৃষ্টির মেঘ তৈরি করবে।



