গল: প্রথম টেস্টের বাইশ গজ ঠিক কেমন হতে চলেছে? আন্দাজ পেতে বুধবার স্টেডিয়ামে এসেছিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। সঙ্গী হন সহকারী কোচ সীতাংশু কোটাক। সেই সময় ক্লোজড ডোর প্র্যাকটিস করছে শ্রীলঙ্কা। কভার সরিয়ে পিচ দেখার পর সমুদ্রের দিকে মুখ করে থাকা হোটেলে ফেরেন গম্ভীর। এর ঠিক ঘণ্টা দুয়েক পরে ফের সরল কভার। এবার ঘাস ছাঁটার জন্য। গ্রাউন্ডস্টাফের কড়া নজরদারিতে সেই পর্ব চলল বেশ কিছুক্ষণ। তারপর এল সফট রোলার। পিচ শুকনো করার জন্য কড়া রোদও খাওয়ানো হল। অর্থাৎ, বাইশ গজ সম্পর্কে যে ধারণা নিয়ে গেলেন গম্ভীর, সেটা আর প্রাসঙ্গিক রইল না।
শনিবার শুরু প্রথম টেস্ট। তার আগে বৃহস্পতিবার ও শুক্রবার প্র্যাকটিসের সুযোগ পাবে ভারত। তখন নিশ্চয়ই বাইশ গজ খুঁটিয়ে দেখবেন ক্যাপ্টেন শুভমান গিল। ভারতের টিম কম্বিনেশন নির্ভর করছে কন্ডিশনের উপর। পিচে ঘাস থাকলে তিন পেসার, অন্যথায় তিন স্পিনার খেলানো হবে। যা আভাস, তাতে পেসারদের জন্য খুব একটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে না পিচ। ফলে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণার সঙ্গে গুরনুর ব্রারের খেলার সম্ভাবনা বিশেষ নেই। বরং রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবের সঙ্গী হতে পারেন মানব সুথার। এদিকে, অফস্পিনার ওয়াশিংটন সুন্দরের দ্বিতীয় টেস্টেও খেলার সম্ভাবনা কম। হ্যামস্ট্রিংয়ের চোট এখনও সারিয়ে উঠতে পারেননি তিনি। এই পরিস্থিতিতে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বোর্ডের সেন্টার অব এক্সেলেন্স (সিওই) ও টিম ম্যানেজমেন্ট।
আবহাওয়া অবশ্য কিছুটা চিন্তায় রাখছে ভারতকে। মঙ্গলবার গলে পৌঁছানোর পরই নেমেছিল জোরালো বৃষ্টি। বুধবার অবশ্য রৌদ্রোজ্জ্বল। তবে আগামী দিনগুলোয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে ব্যাহত হতে পারে টেস্টের প্রস্তুতি। এমনিতেই গত দু’দিন ব্যাট-বল থেকে দূরে রয়েছে ভারত। অবশ্য তার আগে কলম্বোয় টানা ছয় দিন ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে ভারত ও শ্রীলঙ্কা, উভয় দলের কাছেই এই সিরিজে জেতা জরুরি। তাই বৃষ্টি বাদ সাধলে মুশকিল। ভারতীয় শিবিরের অধিকাংশ ক্রিকেটারের গলে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। ব্যতিক্রম জাদেজা। তবে কিছুদিন আগেই এখানে ভারত ‘এ’ দলের হয়ে বেসরকারি টেস্ট খেলে গিয়েছেন পাদিক্কাল, আকিব নবি, গুরনুর, সারাংশরা। এখানে টিম ইন্ডিয়ার শেষ টেস্ট খেলার স্মৃতি অবশ্য মধুর। গত বছরের জুনে সেই ম্যাচে প্রথম ইনিংসে ৬০০ তোলে ভারত। জবাবে কোনো ইনিংসেই তিনশো টপকাতে পারেনি হোমটিম। টিম ইন্ডিয়া জিতেছিল ৩০৪ রানে।