সংবাদদাতা, বনগাঁ: এবার পুজোয় অন্যরূপে দেখা গেল খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়াকে। শার্টের কলারে ল্যাপেল মাইক্রোফোন আটকে নিজের বনগাঁ বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ ঘুরে দেখতে দেখতে শিল্পকর্মের ব্যাখ্যা দিচ্ছেন মন্ত্রী। অনেকটাই পেশাদার ভ্লগারের মতো মন্ত্রী প্যান্ডেলের সবদিক তুলে ধরছেন দর্শকদের কাছে। পুজোর দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে কাজের গতি কতটা বাড়ছে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তুলে ধরছেন অশোকবাবু। মন্ত্রী বলে চলেছেন, এবছর বাংলার শিল্পকলার নিদর্শন তুলে ধরেছে তাঁদের পুজো মণ্ডপ। যা দেখতে হলে আপনাকে আসতেই হবে পুজো মণ্ডপে।
বনগাঁ গান্ধীপল্লি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবছর ৭৮তম বছরে পদার্পণ করেছে। এবারে তাঁদের থিম ‘বাঙালিনী’। থিমে গুরুত্ব পেয়েছে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকলা। মণ্ডপের বাইরের অংশে ফুটিয়ে তোলা হয়েছে স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বের ছবি। মণ্ডপের ভিতরে পটচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে বাউল, রাধাকৃষ্ণের দোলযাত্রা, শিবের গাজন, রথযাত্রা এবং গ্রামবাংলার পারিবারিক জীবনযাত্রার নানা ছবি। শিল্পকর্মের দায়িত্বে রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। মন্ত্রীর আহ্বান, সকলে আসুন বনগাঁ গান্ধীপল্লি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে।
অন্যদিকে, আগামী মঙ্গলবার বনগাঁয় পুজো প্যান্ডেলের উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বনগাঁর গান্ধীপল্লি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ও ঐক্য সম্মিলনী ক্লাবের পুজো উদ্বোধন করবেন তিনি। গান্ধীপল্লি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার নিজের ক্লাব। পাশাপাশি হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডলের পুজো ঐক্য সম্মিলনী ক্লাবের পুজো প্যান্ডেল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে বনগাঁ কিষানমান্ডিতে স্থায়ী হেলিপ্যাডে নামবেন শুভেন্দু অধিকারী। দু’টি পুজো মণ্ডপের নিরাপত্তা খতিয়ে দেখেন প্রশাসনের কর্তারা। নিজস্ব চিত্র



