নয়াদিল্লি: অপেক্ষাকৃত ভালো মানের কাজ ও বেশি উপার্জনের সুযোগ সত্ত্বেও ১০ লক্ষাধিক জনসংখ্যার শহরগুলিতে বেকারত্বের হার ৪.৯ শতাংশ। তুলনায় অন্য শহরাঞ্চলে বেকারত্বের হার অপেক্ষাকৃত কম— ৪.৭ শতাংশ। ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের জাতীয় পরিসংখ্যান দপ্তর (এনএসও)। সরকারি রিপোর্টেই স্পষ্ট, দেশের ৪৬টি বড়ো শহর (১০ লক্ষাধিক জনসংখ্যার) উল্লেখযোগ্যভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ব্যর্থ। ওই রিপোর্টে বলা হয়েছে, বড়ো শহরগুলিতে ৫৮.৫ শতাংশ শ্রমিক নিয়মিত বেতন বা মজুরি পান। অন্যান্য শহরাঞ্চলে এই হার ৪২.৯ শতাংশ। তাছাড়া, বড়ো শহরগুলিতে মাত্র ৬.৩ শতাংশ শ্রমিক অস্থায়ী শ্রমে নিযুক্ত। অন্যান্য শহরাঞ্চলে এই হার তুলনায় অনেকটাই বেশি। ১৪.৪ শতাংশ।



