Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬

‘খ্যাপা মোষের মতো ধেয়ে আসে ত্রিশূলি’

ঘড়িতে সময় তখন সকাল সাড়ে ৯টা। আর পাঁচটা দিনের মতোই বুধবার উঠোনে বাসন মাজতে ব্যস্ত ছিলেন দীপিকা (নাম পরিবর্তিত)। আচমকা কেঁপে ওঠে চারিদিক।

‘খ্যাপা মোষের মতো ধেয়ে আসে ত্রিশূলি’
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাঠমাণ্ডু: ঘড়িতে সময় তখন সকাল সাড়ে ৯টা। আর পাঁচটা দিনের মতোই বুধবার উঠোনে বাসন মাজতে ব্যস্ত ছিলেন দীপিকা (নাম পরিবর্তিত)। আচমকা কেঁপে ওঠে চারিদিক। দীপিকা দেখতে পেলেন, খ্যাপা মোষের মতো তাঁদের বাড়ির দিকে এগিয়ে আসতে ত্রিশূলী নদী। একটুও সময় নষ্ট না করে সপরিবারে বাড়ির ছাদে উঠে পড়েন নৌয়াকোট জেলার বিধুর গ্রামের এই বাসিন্দা। সেখান থেকেই প্রকৃতির ধ্বংসলীলা প্রত্যক্ষ করেন তিনি। চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ। সংবাদমাধ্যমকে দীপিকা বলেন, ‘পরিবারের সঙ্গে ছাদে আশ্রয় নিয়েছিলাম। দেখলাম, মুহূর্তের মধ্যে একতলায় কাদা-মাটি, পাথরে ভরে গিয়েছে। সব শেষ হয়ে গেল। পরনের পোশাক ছাড়া আর কিছুই বাকি নেই। খাবার-দাবার নেই। পানীয় জলের কলসি খালি।’ হড়পা বান বিধ্বস্ত নেপালে ভয়াবহ পরিস্থিতির কথা বলতে গিয়ে বারেবারেই কেঁপে উঠছিলেন দীপিকা। 

Advertisement

বুধবার ভোটেকোশী নদীর কোল বেয়ে নেমে আসা রাক্ষুসে জলরাশির তোড়ে খেলনার মতো ভেসে গিয়েছে সেতু, বাড়িঘর, গাড়ি। ক্ষতিগ্রস্ত কমপক্ষে ছ’টি জলবিদ্যুৎ কেন্দ্র। কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ কয়েক হাজার। তিব্বত সীমান্তবর্তী রাসুয়া ও ধাদিং জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে তিমুরে, নৌয়াকোট। একাধিক লোকালয়কে মুহূর্তের মধ্যে গিলে খেয়েছে কাদা, মাটি, পাথরের স্রোত। হড়পা বানে গোটা পরিবারকে হারিয়েছেন তিমুরের বাসিন্দা গীরি লাল। বর্তমানে কাঠমাণ্ডুর হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় এই ট্রাক চালক। তিনি বলেন, ‘স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে হারালাম। স্মৃতি ছাড়া আর কিছুই থাকল না।’ বুধবার সকাল থেকে ভাই সাবিকে খুঁজে পাচ্ছেন না লিপা সাপকোটা। বর্তমানে ভাইয়ের ছবি নিয়েই ভরতপুর হাসপাতালে বসে রয়েছেন তিনি। লিপার কথায়, ‘সব জায়গায় ছবি দেখাচ্ছি। জিজ্ঞেস করছি, কেউ ওকে দেখেছে কি না। কয়েকটি মৃতদেহ পর্যন্ত দেখলাম। তবে সেগুলি চেনা দায়।’ আর প্রত্যক্ষদর্শী বলেন, ‘বাড়িতে বসে ব্রেকফাস্ট করছিলাম। সকাল ৮টা ৪০ নাগাদ তিমুরে অঞ্চলে বন্যার খবর পাই। মনে হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে। চোখের সামনে বাজার, বসতি ধ্বংসস্তূপে পরিণত হয়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ