Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দিতে কানা ময়ূরাক্ষীর উপর তৈরি তৃতীয় সেতুই ভোটপ্রচারে মাস্টার স্ট্রোক তৃণমূলের

এবারের নির্বাচনে কানা ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত কান্দি শহরে ঢোকার তৃতীয় সেতুই মাস্টার স্ট্রোক তৃণমূলের কাছে। শাসকদলের প্রচারে বারবার উঠে আসছে তৃতীয় সেতুর কথা।

কান্দিতে কানা ময়ূরাক্ষীর উপর তৈরি তৃতীয় সেতুই ভোটপ্রচারে মাস্টার স্ট্রোক তৃণমূলের
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: এবারের নির্বাচনে কানা ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত কান্দি শহরে ঢোকার তৃতীয় সেতুই মাস্টার স্ট্রোক তৃণমূলের কাছে। শাসকদলের প্রচারে বারবার উঠে আসছে তৃতীয় সেতুর কথা। ফলে প্রচারে অ্যাডভান্টেজ পাচ্ছে শাসকদলের প্রার্থী। এমনকি রাজ্যের বিরোধী দলের এক নেতাও একথা স্বীকার করছেন।

Advertisement

প্রসঙ্গত, কান্দির নেতাজী বাস টার্মিনাস এলাকায় কানা ময়ূরাক্ষী নদীর উপর একটি সেতু রয়েছে। যার উপর দিয়ে চলে গিয়েছে বহরমপুর সুলতানপুর ১১ নম্বর রাজ্য সড়ক। ওই নদীর অপর সেতুটি রয়েছে দোহালিয়া গ্রামের কাছে। যেটির উপর দিয়ে চলে গিয়েছে কান্দি সালার রাজ্য সড়ক। বাইরে থেকে কান্দি শহরে ঢুকতে গেলে ওই দুই সেতুর কোন একটির উপর দিয়ে সকলকেই আসতে হয়। তা সত্বেও দিনদিন শহরে ঢোকার মুখগুলি যানজট লেগেই থাকে। ফলে বাসিন্দারা বহুবছর ধরে যানজট সমস্যা থেকে নিস্তার চাইছিলেন। আর শহরে ঢোকার তৃতীয় সেতু সেই সমস্যা দূর করতে পারে বলে মনে করছেন স্থানীয় মহল।
কান্দি পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রায় আড়াই বছর আগে পুরসভার পক্ষ থেকে তৃতীয় সেতুর প্রস্তাব নবান্নে পাঠান হয়েছিল। এর পরবর্তীতে পুর ও নগরোন্নয়ন দপ্তর প্রস্তাবিত সেতুর জন্য অর্থ বরাদ্দ করে। বছর দেড়েক হল সেতু তৈরির কাজ শুরু হয়। এখন তা উদ্বোধনের অপেক্ষায়।
কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, সেতুর জন্য প্রায় চার কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রায় ৯০ মিটার কংক্রিটের সেতু ছাড়াও দুইদিকে এর অ্যাপ্রোচ রোডও তৈরি হয়েছে। এবার শুধু উদ্বোধনের অপেক্ষা। সেতুর উদ্বোধন হলে বাসিন্দাদের বহু বছরের যানজট সমস্যা মিটে যাবে বলে আশা করা যায়।
পুরসভা সূত্রে আরো জানা গিয়েছে, ওই নদীর কান্দি থানার পিছনের দিকে তৈরি হয়েছে সেতুটি। যার একদিকের রাস্তা উঠছে বহরমপুর সুলতানপুর রাজ্য সড়কে। আর অপরদিকের রাস্তা ঢুকছে কান্দি শহরের থানার সামনে।
আর এবারের বিধানসভা নির্বাচনে এই তৃতীয় সেতু তৃণমূলের কাছে মাস্টার স্ট্রোক হতে চলেছে। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, তৃতীয় সেতু তৈরি হওয়ার পুরো সুবিধা পাবে তৃণমূলের প্রার্থী। তৃণমূলের প্রচারে সেতুর কথা বারবার উঠিয়ে বাসিন্দাদের সুবিধার কথা জানান হচ্ছে। বাসিন্দাদেরও সেতু উদ্বোধনের অপেক্ষার কথা বলতে শোনা গিয়েছে। যদিও কান্দি কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার বলেন, শুধু ভোট নয়। আমাদের দল উন্নয়ন নিয়ে ভাবনা চিন্তা করে। তৃণমূল নেত্রী নিজেই এই সেতু তৈরির উদ্যোগ নিয়েছিলেন। তাই ওনাকে কান্দির মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি। যদিও কান্দি ব্লক কংগ্রেস সভাপতি নরোত্তম সিংহ বলেন, তৃতীয় সেতু তৈরি ভাল উদ্যোগ ঠিকই। তবে উন্নয়নের হিসেবটাও টাঙিয়ে দেওয়া হলে অনেকের উপকার হয়। সেতু তৈরি করে কার কতটা লাভ ক্ষতি হয়েছে সেটা অন্তত জানা যেত।
যদিও বিজেপি’র রাজ্য কমিটির সদস্য ধনঞ্জয় মণ্ডল বলেন, তৃতীয় সেতু তৈরি একটি ভাল উদ্যোগ। এনিয়ে কেউ কোনোদিন ভাবেনি। মানুষের জন্য সেতু তৈরি হয়েছে। এর ফল যে তৃণমূল প্রার্থীর পক্ষে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।   কানা ময়ূরাক্ষী নদীর উপর তৈরি তৃতীয় সেতু। ড্রোন থেকে তোলা নিজস্ব চিত্র।

সম্পর্কিত সংবাদ