শ্রীকান্ত পড়্যা, তমলুক: গত পাঁচ মাসে রাজ্য রাজনীতিতে সবচেয়ে বেশি চর্চিত ও বিতর্কিত ঘটনা হল, ‘ডিম থেরাপি’। গত ৪ মে রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ গোটা দেশে তোলপাড় ফেলে দেয়। এবার সেই ডিম থেরাপির ঘটনা ওঠে এল পাঁশকুড়ার মাংলই গ্রামের মৌচাক সেবাশ্রমের দুর্গাপুজোর থিমে। থিমের নাম ‘চাপ’। সেখানে একজন সন্তানের উপর পড়াশোনা নিয়ে বাবা মায়ের চাপ, একটি বস্তিবাসী মেয়ের দৈনন্দিন জীবনে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার চাপ তুলে ধরা হয়েছে। আবার, মানুষের অবিবেচনাপ্রসূত ও ক্ষতিকর কাজের জন্য প্রকৃতির উপর চাপের ছবিও তুলে ধরা হয়েছে। একইভাবে আগামীদিনে রাজনীতির সঙ্গে যুক্ত নেতা-নেত্রীরাও চাপের বাইরে নন। কারণ, গত পাঁচ মাস এরাজ্যে যে ঘটনা ঘটছে তার থেকে শিক্ষা নেওয়াটা জরুরি বলে মনে করেন পুজো কমিটির মূল উদ্যোক্তা তথা পেশায় হাইস্কুলের ইতিহাসের শিক্ষক মৃণাল পাত্র। সেই চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই মৌচাক সেবাশ্রমের এই থিম ভাবনা।
পাঁশকুড়ার শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুলের শিক্ষক মৃণালবাবু। নিজের গ্রাম মাংলইতে বানিয়েছেন একটি সেবাশ্রম। সেখানে নাবালক থেকে বয়স্করা থাকেন। সেই সেবাশ্রমের উদ্যোগে ২০ বছর ধরে দুর্গাপুজো হচ্ছে। মিশরীয় স্থাপত্যে মণ্ডপের অন্দরসজ্জা হয়েছে। তবে, সামাজিক বার্তা দেওয়ার লক্ষ্যে এখানকার পুজোর থিম—‘চাপ’। সমাজে নানাস্তরে কীভাবে চাপ আমাদের সকলের উপর প্রভাব ফেলছে তারই খণ্ড খণ্ড ছবি তুলে ধরা হয়েছে। পঞ্চমীর দিন হোমের আবাসিক এবং স্থানীয়রাই সাদামাটাভাবে পুজোর উদ্বোধন করেন। মহাষষ্ঠীতে ওই মণ্ডপে যান পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক সিন্টু সেনাপতি। মণ্ডপ ঘুরে দেখে উদ্যোক্তাদের প্রশংসা করেন বিধায়ক।
শৈশব থেকেই ‘চাপ’ শব্দটা নেমে আসছে। কবিরাজি, তান্ত্রিক ও ধর্মীয় বিশ্বাসে শিশুর উপর নানারকম মাদুলি, তাবিজ ও দাগা বেঁধে দেওয়া হচ্ছে। পীঠে স্কুলব্যাগের ভারে নুইয়ে যাচ্ছে শিরদাঁড়া। শুরু থেকেই পরীক্ষায় প্রথম হওয়ার চাপ।
মণ্ডপে স্কুলছাত্রের মডেলে সুন্দরভাবে এই বিষয়বস্তুকে তুলে ধরা হয়েছে। আবার, একটি বস্তির মেয়ে দৈনন্দিন জীবনে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা কতটা চাপের সেটাও মণ্ডপে উপস্থাপন করা হয়েছে। মণ্ডপে যে দৃশ্যটি সবচেয়ে নজর কাড়ছে তা হল, ডিমথেরাপি। পরিপাটি পোশাক পরিহিত নেতার মাথায় উপর একাধিক ফেটে যাওয়া ডিমের খোসা। কুসুম এবং অ্যালবুমেন বা সাদা অংশ মাথা থেকে গড়িয়ে জামায় মাখামাখি হয়ে গিয়েছে। ধোপধুরস্ত ব্যক্তিটিকে দেখানো হয়েছে রাজনৈতিক দলের নেতা। বর্তমানে যে ট্রেন্ড চলছে, তাতে আগামীদিনে নেতাদের কাছে চাপ বাড়ছে বলে উদ্যোক্তারা মণ্ডপে তুলে ধরেছেন।
তবে, মণ্ডপের সামনে একটি বিশাল দৈত্যের ছবি তৈরি করা হয়েছে। রোজ আমরা দৈত্যের মতোই প্রকৃতি উপর অত্যাচার ও লুণ্ঠন করছি। তার জেরে ধরণী নুইয়ে পড়েছে। নানা ঘাত-প্রতিঘাত আসছে। এভাবেই ‘চাপ’ থিমের বিষয়বস্তুকে সুন্দরভাবে উপস্থাপন করেছে মাংলই মৌচাক সেবাশ্রম।



