নিজস্ব প্রতিনিধি, তমলুক: উদ্বোধনের আগেই মণ্ডপের সামনে ভিড় থিকথিক করে। গত কয়েক বছর পাঁশকুড়া মেচগ্রাম সমাজশিক্ষা কেন্দ্রের পুজোয় এটাই চেনা দৃশ্য। এবার ওই পুজো কমিটির থিম লোভ। সমাজ সচেতনতার বার্তা পৌঁছে দিতে এই থিম ভাবনা। বিভিন্ন পেশায় অযাচিত সুবিধা নেওয়ার প্রবণতা রয়েছে। টাকা, সম্পদের পিছনে দৌড়াতে গিয়ে অনেক সময় চরম সর্বনাশ ঘটে যায়। সম্প্রতি রাজ্যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের(এসিবি) হাতে পর পর গ্রেপ্তারের ঘটনা তারই প্রকৃষ্ট উদাহরণ। টাকার প্রতি মোহ কিংবা লোভকে মণ্ডপে থিম হিসেবে উপস্থাপন করা হয়েছে। মহাপঞ্চমীর দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই পুজোর উদ্বোধন করবেন।
পূর্ব মেদিনীপুর জেলায় বিগ বাজেটের পুজোর মধ্যে মেচগ্রাম সমাজশিক্ষা কেন্দ্রের পুজো অন্যতম। এবার তাদের বাজেট ৪০লক্ষ টাকা। রাজনৈতিক পট পরিবর্তনে এবার ওই পুজো কমিটির মাথায় বদল এসেছে। পুজো কমিটির সম্পাদক ছিলেন তৃণমূল নেতা অমিত রাউত। এবার তাঁকে কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে পুজো কমিটির চেয়ারপার্সন হয়েছেন বিধায়ক সিন্টু সেনাপতি। জানা গিয়েছে, সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে উদ্যোক্তাদের এমন থিম পরিকল্পনা। অপরের জিনিস পাওয়ার তীব্র লালসা কিংবা বাসনাই হল লোভ। প্রয়োজনের অতিরিক্ত অর্থ, সম্পদ হস্তগত করার ইচ্ছাকেই বলা হয় লোভ। ভারতীয় দর্শন অনুযায়ী, লোভ হল মানুষের ছ’টি প্রধান রিপু অর্থাৎ শত্রুর মধ্যে একটি। দার্শনিক দৃষ্টিকোণ থেকে এটি একটি মানসিক অবস্থা যেটা আত্মাকে কষ্ট দেয়।
মেচগ্রামের ওই পুজো মণ্ডপের ভিতর লোভের নানা দিক তুলে ধরা হচ্ছে। যেমন, একটি লম্বা জিভ বেরিয়ে থাকছে। তার ডগায় টাকার নোট। আবার, হাত বাড়ানো রয়েছে। তাতে ছুঁয়ে রয়েছে টাকা। অযাচিত জিনিসের প্রতি এই আকর্ষণের পরিণাম অনেক সময় খুব খারাপ হয়। সেটাই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাই লোভ বর্জন করার সামাজিক বার্তা দেওয়া হয়েছে। সেটা শৈশব থেকেই রপ্ত করানো দরকার বলেও বার্তা দেওয়া হয়েছে। যেকারণে শৈশবে শেখানো নানা প্রবাদ যেমন, লোভে পাপ পাপে মৃত্যু, অতি লোভে তাঁতি নষ্ট, যার লোভ আছে তার শান্তি নেই, এধরনের বিষয়বস্তু মণ্ডপে জায়গা পেয়েছে।
যোগাযোগের সুবিধার কারণে গত কয়েক বছর মেচগ্রামের ওই বিগ বাজেটের পুজো মণ্ডপ ঘিরে জনজোয়ার তৈরি হচ্ছে। চোখধাঁধানো মণ্ডপ দেখার জন্য দুই মেদিনীপুর জেলার কয়েক লক্ষ মানুষ হাজির হন। ক্লাব সম্পাদক প্রদ্যোৎ সেন বলেন, মুখ্যমন্ত্রীর হাত ধরে মহাপঞ্চমীতে আমাদের পুজোর উদ্বোধন হবে। তার আগে থেকেই মণ্ডপে দর্শনার্থীদের আসা যাওয়া শুরু হয়েছে। পঞ্চমী থেকেই মণ্ডপে দর্শনার্থীদের লাইন পড়ে যাবে।



