সংবাদাতা, খাতড়া: বর্ষার আগমন মানেই কষ্টের দিন শুরু নদীপাড়ের বাসিন্দাদের। তার উপর নিন্মচাপ যেন ‘মরার উপর খাড়ার ঘা’। এই চিত্র যেন অক্ষরে অক্ষরে মিলে যায় জয়পন্ডা নদীর তীরবর্তী বাঁকুড়ার বাঁশকোপা সহ প্রায় পনেরো থেকে কুড়িটি গ্রামের বাসিন্দাদের জীবনে। গত শুক্রবার দিন রাত জুড়ে বৃষ্টির জেরে সেই চেনা ছবিই ধরা পড়ল জয়পন্ডা তীরবর্তী গ্রামবাসীর জনজীবনে। জলের তোড়ে অস্থায়ী সেতু ভেসে যাওয়ায় একবুক জলের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে গ্রামবাসীদের যাতাযাত করতে হচ্ছে। সিপিএম ও তৃণমূল জামানায় বাঁশকোপা ঘাটে পাকা সেতু তৈরির দাবি থাকলেও সাংসদ, বিধায়কদের গালভরা মৌখিক প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি। তবে এখন ডবল ইঞ্জিন সরকারের আমলে আশায় বুক বাঁধছে নদী তীরবর্তী গ্রামবাসীরা। যদিও সেতু তৈরির বর্তমান বিধায়ক সৌভিক পাত্র নিজেও আশ্বাসবাণী শুনিয়েছেন।
তালডাংরা ব্লকের জয়পন্ডা নদী তীরবর্তী এলাকায় রয়েছে পাঁচমুড়ার বাঁশকোপা সহ ফুলমতি এবং সিমলাপাল অঞ্চলের একাধিক গ্রাম। এসব গ্রামের সিংহভাগ বাসিন্দাদের প্রয়োজনে পাঁচমুড়া বাজারে আসতে হয় । যেমন বাঁশকোপা, জুমড়ি, গেঙ্গাদা, মাসাতখাল,ফুলমতি সহ প্রায় ১৫ থেকে ২০টি গ্রামের মানুষদের প্রতিদিন নদীর বুকে থাকা অস্থায়ী সেতু দিয়ে পাঁচমুড়ায় পৌছাতে হয়। বৃষ্টির জন্য নদীর জলস্তর বাড়লে যাতাযাত একপ্রকার বন্ধই হয়ে পড়ে।ক’দিনের বৃষ্টির জেরে অতি প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে বিভিন্ন গ্রামের মানুষদের।
বাঁশকোপার বাসিন্দা নব রায় ও অশোক দুলেরা বলেন, ছোটো থেকেই জীবনের ঝুঁকি নিয়েই যাতাযাত করে আসছি। কয়েক বছর আগে গ্রামবাসীদের উদ্যোগে নদীর একটি ছোটো অংশে অস্থায়ী সেতু হয়। তবে ওই সেতু নদীর জল বাড়লেই ভেসে যায় । সিপিএম ও তৃণমূল সরকারের আমলে বারে বারে পাকা সেতুর দাবি রেখেছিলাম। এমনকী, জেলা সহ কলকাতার নানান দপ্তরেও সেতু তৈরির দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে শুধু আশ্বাসই মিলেছে। এমনকি, সাংসদ অরুপ চক্রবর্তী ও তালডাংরার প্রাক্তন বিধায়ক ফাল্গুনী সিংহ বাবুও বাঁশকোপা গ্রামে গিয়ে সেতু তৈরির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেতু নির্মাণে এক কোদাল মাটিও কাটা হয়নি সরকারি ভাবে। তবে এবার ডবল ইঞ্জিন সরকারের কাছে আশাবাদী সেতু নিয়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক তালডাংরার এক তৃণমূল নেতা বলেন, আগে প্রশাসনের উদ্যোগে পাড়ায় সমাধান প্রকল্পে জয় পন্ডা নদীর বাঁশকোপা ঘাটে লোহার পাত দিয়ে অস্থায়ী সেতু তৈরির সিদ্ধান্ত হয়েছিল। বর্তমানে সরকারের পরিবর্তন হওয়ায় ওই প্রকল্প কতদূর এগিয়েছে, তা আর খোঁজ নেওয়া হয়নি। এনিয়ে তালডাংরার বিজেপি বিধায়ক সৌভিক পাত্র বলেন, জয়পন্ডা নদীর বাঁশকোপা ঘাটে সেতু তৈরির দাবি দীর্ঘদিনের। সেই কাজ করেনি সিপিএম ও তৃণমূলের সাংসদ, বিধায়করা। বর্তমানে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে জয়পন্ডা নদীর বাঁশকোপা ঘাটে পাকা সেতুও তৈরি হবে।
জলস্তর বেড়ে যাওয়ায় জয়পন্ডা নদীর বাঁশকোপা নদীঘাটে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন গ্রামবাসীরা।-নিজস্ব চিত্র