Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রের ‘ভারত ট্যাক্সি’ এর সঙ্গে জুড়তে চলেছে রাজ্যের ‘যাত্রী সাথী’, আসছে বিরাট পরিবর্তন

যাত্রী সাথী ও ভারত ট্যাক্সির মধ্যে নতুন চুক্তি, চালকদের জন্য হবে আর্থিক সুরক্ষা। কলকাতার ট্যাক্সি পরিষেবায় আসছে বড় পরিবর্তন। বিস্তারিত পড়ুন।

কেন্দ্রের ‘ভারত ট্যাক্সি’ এর সঙ্গে জুড়তে চলেছে রাজ্যের ‘যাত্রী সাথী’, আসছে বিরাট পরিবর্তন
  • ২০ জুলাই, ২০২৬ ১৩:৩১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের গণপরিবহণ ব্যবস্থায় সূচনা হল এক নতুন অধ্যায়ের। ডিজিটাল পরিবহণ অ্যাপ ‘যাত্রী সাথী’ কে আরো শক্তিশালী করার লক্ষ্যে ‘সহকার ট্যাক্সি কো-অপারেটিভ লিমিটেড’ (ভারত ট্যাক্সি) এর সঙ্গে একটি  'মউ' চুক্তি স্বাক্ষর করল রাজ্যের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগ। অ্যাপ ক্যাব সংস্থাগুলির উপর নির্ভরতা কমিয়ে এবার সমবায় ভিত্তিক পরিবহণ ব্যবস্থার দিকে এগোতে চলেছেন বাংলার ট্যাক্সি চালকেরা। কেন্দ্রের উদ্যোগে চালু হওয়া ‘ভারত ট্যাক্সি’ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে চলেছে রাজ্যের চালকেরা। এর মূল লক্ষ্য হল চালকদের আর্থিক সুরক্ষা দেওয়া এবং অ্যাপ ক্যাব সংস্থাগুলির কমিশন নির্ভর ব্যবস্থার বাইরে এনে তাঁদের আরও বেশি উপার্জনের সুযোগ তৈরি করা।

Advertisement

রবিবার কলকাতায় এই উদ্যোগ নিয়ে চুক্তির কথা ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘ভারত ট্যাক্সি’ বাজারে উপলব্ধ অন্যান্য অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবার মতো হলেও এটি সম্পূর্ণ আলাদা। এটি একটি সমবায় সংস্থা। এই প্ল্যাটফর্মে রয়েছে জিরো কমিশন ব্যবস্থা। ফলে চালকের উপার্জনের বড় অংশ কোনও কমিশন বা প্ল্যাটফর্ম ফি হিসেবে কেটে নেওয়া হবে না। পুরো ইনাকামই যাবে চালকের পকেটে। এই উদ্যোগে যুক্ত চালকদের ‘সারথী’ নামে অবিহিত করা হবে কাল এমনটা জানান অমিত শাহ। তাঁদের জন্য স্বাস্থ্য বিমা, জীবন বিমা, দুর্ঘটনাজনিত সহায়তা এবং অবসরকালীন সঞ্চয়ের মতো একাধিক সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে। যা সাধারণত প্রচলিত অ্যাপ ক্যাব ব্যবস্থায় চালকেরা পান না। 

এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এই সমঝোতা চুক্তির মূল উদ্দেশ্য হল রাজ্যের পরিশ্রমী চালকদের আর্থিক ও সামাজিক সুরক্ষা বৃদ্ধি করা। যাত্রী সাথীর সঙ্গে যুক্ত চালকদের কো-অপারেটিভ সদস্যপদ এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা দেওয়া হবে। শুধু চালকরাই নন, এই নতুন ব্যবস্থায় উপকৃত হবেন যাত্রীরাও। যাত্রীদের জন্য আরও স্বচ্ছ ভাড়া ব্যবস্থা এবং উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্য রয়েছে এই চুক্তির মধ্যে। অ্যাপ ক্যাব সংস্থাগুলিতে বৃষ্টি, ব্যস্ত সময় বা যানজটের সময় যে অতিরিক্ত সারচার্জ যোগ হয়, ‘ভারত ট্যাক্সি’-তে সেই ধরনের সমস্যার সমাধান হবে বলে দাবি করা হয়েছে। কেন্দ্রের এই উদ্যোগ সফল হলে কলকাতা-সহ বাংলার শহরগুলিতে ট্যাক্সি পরিষেবায় নতুন পরিবর্তন আসতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ