Bartaman Logo
১ জুলাই, ২০২৬

১০০ দিনের কাজেও এবার নারী সশক্তিকরণের পথে রাজ্য সরকার, বার্তা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

১০০ দিনের কাজে নারী সশক্তিকরণের নতুন উদ্যোগে ৩০ লক্ষ মহিলা যুক্ত হবে। রাজ্যের উন্নয়ন নিয়ে দিলীপ ঘোষের গুরুত্বপূর্ণ মন্তব্য। বিস্তারিত পড়ুন।

১০০ দিনের কাজেও এবার নারী সশক্তিকরণের পথে রাজ্য সরকার, বার্তা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১০০ দিনের কাজে এবার নারী সশক্তিকরণের পথে হাঁটছে বঙ্গ বিজেপি সরকার। নয়া ব্যবস্থায় উল্লিখিত প্রকল্পে রাজ্যের আরও ২৫ থেকে ৩০ লক্ষ মানুষ যুক্ত হতে চলেছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, তাঁদের বড়ো অংশই মহিলা। মঙ্গলবার ‘বর্তমান’কে একথা জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

Advertisement

কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে বাংলাতেও নারী সশক্তিকরণের উপর ভর দিয়েই প্রচার সেরেছিল বিজেপি। সেই কারণে ১০০ দিনের কাজে রাজ্যের আরও বেশি মহিলাকে যুক্ত করার জন্য বিজেপি সরকার উদ্যোগকে লক্ষণীয় বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন দিলীপ ঘোষ। এদিন বিকালে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনেরও। দু’টি ক্ষেত্রেই রাজ্যের উন্নয়ন এবং অর্থনৈতিক সংস্থান নিয়ে কথা হয়েছে বলে সরকারি সূত্রে খবর।
মঙ্গলবার ‘বর্তমান’কে দিলীপবাবু বলেন, ‘১০০ দিনের কাজে বাংলার প্রায় ২ কোটি ৫৭ লক্ষ মানুষ কাজ করছেন। আরও ২৫ থেকে ৩০ লক্ষ মানুষ এতে যুক্ত হবেন বলে মনে করা হচ্ছে। তাঁদের বড়ো অংশই মহিলা। আমরা চাই, যেসব মহিলা শ্রমিক বিভিন্ন কারণে এই প্রকল্পের বাইরে চলে গিয়েছিলেন, তাঁরা যেন ফের জব কার্ডের জন্য আবেদন করেন।’ যদিও ভোটার কার্ডে নাম না থাকলে জব কার্ডের জন্য আবেদন করা যাবে না বলে জানিয়েছেন তিনি। 
জানা যাচ্ছে, রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর থেকে নয়া ভিবি জি রাম জি আইন চালু হওয়া পর্যন্ত মোট ১ কোটি ৫৭ লক্ষ কর্মদিবসের লক্ষ্যমাত্রা নিয়েছিল বাংলার সরকার। সেই লক্ষ্যমাত্রার একটি বড়ো অংশই পূরণ করা সম্ভব হয়েছে। উল্লিখিত সময়সীমার মধ্যে ওই প্রকল্পে রাজ্যকে কেন্দ্রীয় সরকার প্রায় ৫০০ কোটি টাকা দিয়েছে। তবে নির্মলার কাছে দিলীপবাবু রাজ্যের বকেয়া টাকার ব্যাপারেও তদ্বির করেছেন বলে খবর। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রসঙ্গে দিলীপবাবু বলেন, ‘২০ মিনিট কথা হয়েছে। নতুন সরকারে আসার পর তিনি কীভাবে সামাল দিয়েছিলেন, তা নিয়ে পরামর্শ দিয়েছেন।’ - ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ