নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাড়ায় তিনি পরিচিত ‘জুনিয়র অভিষেক’ নামে। ২৪ বছরের ছিমছাম চেহারার যুবকটির সাজপোশাকও ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো। দক্ষিণ ২৪ পরগনার উস্থির বাসিন্দা নাসিম মণ্ডল অভিষেকের ফ্যান। তিনি একখানা ইউটিউব চ্যানেলও খুলেছেন। চ্যানেলের নাম ‘জুনিয়র অভিষেক বন্দ্যোপাধ্যায়’। তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে আজকাল ডাকও পাচ্ছেন তিনি। নাসিমের বাবা আবার এককালে সিপিএমের লোকাল কমিটির সদস্য ছিলেন। এখন তিনি তৃণমূলেই। এককালে সিপিএম বাড়ির ছেলে সিপিএমই হতো। কালেভদ্রে অন্যথা হলেও সেটাই ছিল রীতি। কিন্তু এখন সেসব ধারণা অতীত। নাসিম বলছিলেন, ‘গত ৪ মাস হল চ্যানেল শুরু করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা মুখস্থ করি। সেটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। বক্তৃতায় লিপ দিয়ে ওঁর মতো করে বলি।’ কেন? তরুণের বক্তব্য, ‘অভিষেকদাকে আমার খুব ভালো লাগে।’ যদিও পড়াশুনা খুব বেশি করেননি নাসিম। এই মুহূর্তে প্রবীণ বাবার ব্যবসার দেখাশুনা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার সুযোগ হয়নি কখনও। বলছিলেন, ‘উনি তো আমাদের সাংসদ। ভোটের সময় আমাদের বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে এসেছিলেন। স্থানীয় পার্টির লোকেরা যাওয়ার জন্য বলেছিলেন। কিন্তু অত দূর থেকে দেখে আর কী হবে! যদি কখনও সুযোগ হয়, একবার অভিষেকদার কাছে যাব। একবার সামনে থেকে দেখতে পেলেই আমার জীবন ধন্য হবে।’ দেখা হলে কী বলবেন? এখনও ভাবেননি নাসিম। শুধু বলছেন, ‘একবার কাছ থেকে দেখতে পেলেই হবে।’ বাবা তোয়েব আলি মণ্ডল তো এককালে সিপিএম করতেন। উস্থি লোকাল কমিটির সদস্যও ছিলেন। নাসিম বলছিলেন, ‘পাড়ার তৃণমূল কর্মী থেকে বাড়ির লোক সকলেই আমাকে এই কাজে উত্সাহ দেন।’ এখন আবার তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে ‘জুনিয়র অভিষেক বন্দ্যোপাধ্যায়’ বলে ডাকও পাচ্ছেন তিনি। নাসিম বলছিলেন, ‘হাওড়াতে পার্টি অফিস উদ্বোধনে ডেকেছিল। কিন্তু তখন বাবার শরীর খারাপ ছিল বলে যেতে পারিনি। স্থানীয় এলাকা থেকেও অনেক জায়গায় ডাক পাচ্ছি। ভালোই লাগছে।’



