Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণনগরের দিকনগর পঞ্চায়েতে প্রাথমিক স্কুলের সামনের রাস্তা বেহাল, বিপদের ঝুঁকি

কৃষ্ণনগর-১ ব্লকের দিগনগর গ্রাম পঞ্চায়েতের চাপড়া দিগনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।

কৃষ্ণনগরের দিকনগর পঞ্চায়েতে প্রাথমিক  স্কুলের সামনের রাস্তা বেহাল, বিপদের ঝুঁকি
  • ১০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কৃষ্ণনগর: কৃষ্ণনগর-১ ব্লকের দিগনগর গ্রাম পঞ্চায়েতের চাপড়া দিগনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায়  রয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে বিদ্যালয়ের ছোটো ছোটো ছাত্রছাত্রী,  অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার বহু মানুষ যাতায়াত করেন। কিন্তু, ভাঙাচোরা রাস্তার কারণে সকলকে প্রতিদিনই সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার কোনো স্থায়ী সংস্কার হয়নি। ফলে রাস্তার বিভিন্ন জায়গায় পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও মাটি বেরিয়ে পড়েছে। আবার কোথাও রাস্তা এতটাই খারাপ হয়ে পড়েছে যে হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বিদ্যালয়ে আসা শিশুদের জন্য এই রাস্তা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন অংশে জল জমে যায়। বাধ্য হয়ে ছোটো ছোটো পড়ুয়ারা সেই কাদা ও জল পেরিয়েই স্কুলে যাতায়াত করতে বাধ্য হয়। ফলে যে কোনো সময় বিপদের আশঙ্কা থাকে। শুধু ছাত্রছাত্রী নয়, গ্রামের বহু মানুষও এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তাদেরও যাতায়াতে সমস্যা হয়। বিশেষ করে সন্ধ্যার পর কিংবা বৃষ্টির সময় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
এবিষয়ে দিগনগর পঞ্চায়েতের প্রধান দিগলি বিশ্বাস বলেন, ওই রাস্তার বেহাল অবস্থার বিষয়টি আমি জেনেছি। ওখানকার পঞ্চায়েত সদস্যর সঙ্গে কথা বলে যাতে দ্রুত রাস্তা সংস্কার করা যায় সেই ব্যবস্থা করা হবে।
স্থানীয় বাসিন্দা নিখিল মণ্ডল বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এমন ভাঙাচোরা রাস্তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। শিশুদের নিরাপদে বিদ্যালয়ে পৌঁছানোর জন্য ভালো রাস্তা থাকা অত্যন্ত জরুরি। এছাড়া সাধারণ মানুষও যাতায়াত করে। রাস্তার অবস্থা খুবই করুণ।
আরও এক বাসিন্দা শম্পা দাস বলেন, এখন বর্ষাকাল তাই জল কাদা জমে আছে। আবার যেই শুকিয়ে যাবে তখন শুরু হবে ধুলো ওড়া। রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত এই সমস্যা কোনোভাবেই মিটবে না। তাই পড়ুয়াদের নিরাপত্তা ও সাধারণ মানুষের স্বার্থে দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
 দিগনগরে প্রাথমিক স্কুলের সামনে বেহাল রাস্তা। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ