সংবাদদাতা, উলুবেড়িয়া: রাস্তার পিচের আস্তরণ উঠে গিয়ে একাধিক জায়গায় বড় বড় গর্ত হয়েছে। তার উপরে বর্ষার জল জমে রাস্তার অবস্থা এখন ভয়াবহ। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ। বর্তমানে শ্যামপুর থানার আমড়াদহ গ্রাম পঞ্চায়েতের দেওয়ানতলা বাজার থেকে ধুমদা ব্রিজ পর্যন্ত রাস্তার এই অবস্থা। রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যে প্রশাসনের দারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
দেওয়ানতলা বাজার থেকে নাওদা গ্রাম হয়ে ধুমদা ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাটির বর্তমানে বেহাল দশা। কিন্তু এই রাস্তার মধ্যেই একটি হাইস্কুল, একটি প্রাইমারি স্কুল এবং দু’টি আইসিডিএস স্কুল রয়েছে। রোজ এইসব স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এছাড়াও বাগনানে যাওয়ার জন্যও এটি সংযোগকারী রাস্তা।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি বছর চারেক আগে তৈরি হয়েছিল। তারপর থেকে আর সেভাবে রক্ষণাবেক্ষণ হয়নি। বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। প্রতিদিন স্কুলে যাতায়াত করার সময় এই রাস্তায় ছাত্রছাত্রীরা দুর্ঘটনার কবলে পড়ছে। স্থানীয় বাসিন্দা আশিস মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ হয়ে আছে। যতবার ঠিক হয়, ততবার খারাপ হয়। তাই প্রশাসনের কাছে আবেদন, যাতে দ্রুত রাস্তাটি মেরামত করা হয়। শ্যামপুরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় বলেন শ্যামপুরের নাগরিকদের যে কোনো সমস্যার কথা আমাকে জানাতে বলেছি। আমি সরকারকে জানিয়ে সেইসব সমস্যার সমাধান করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। নিজস্ব চিত্র