Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আধ ঘণ্টার বেশি বুথে না থাকলেই পোলিং এজেন্টের খোঁজ করবে বাহিনী

রাজনৈতিক দলগুলির পোলিং এজেন্ট নিয়ে নয়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন বুথের ভিতরে থাকা পোলিং এজেন্ট কোনো কারণে বাইরে গিয়ে যদি আধ ঘণ্টার বেশি সময় পরেও ফিরে না আসেন, তাঁর খোঁজ করবে কেন্দ্রীয় বাহিনী।

আধ ঘণ্টার বেশি বুথে না থাকলেই পোলিং এজেন্টের খোঁজ করবে বাহিনী
  • ২০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজনৈতিক দলগুলির পোলিং এজেন্ট নিয়ে নয়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন বুথের ভিতরে থাকা পোলিং এজেন্ট কোনো কারণে বাইরে গিয়ে যদি আধ ঘণ্টার বেশি সময় পরেও ফিরে না আসেন, তাঁর খোঁজ করবে কেন্দ্রীয় বাহিনী। এর জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসারকে। তিনি পরিস্থিতি বুঝে প্রথমে খবর দেবেন সেক্টর অফিসারকে। তিনি বুথে উপস্থিত বাহিনীকে জানাবেন। এরপর পুলিশকে নিয়ে তাঁর খোঁজ করবেন জওয়ানরা। সম্প্রতি বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে মিটিংয়ে বিষয়টি বুঝিয়ে বলে দিয়েছেন কমিশনের কর্তারা। সূত্রের খবর, বহু ক্ষেত্রে দেখা যায়, ভোট শুরু হওয়ার পর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ট বুথ থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। তখন অন্য দলের বিরুদ্ধে ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। কমিশন এটাই আটকাতে চাইছে বলে মনে করা হচ্ছে। ভোট চলাকালীন যাতে সব দলের এজেন্টই বুথের ভিতরে থাকেন, সেটা নিশ্চিত করাই মূল লক্ষ্য। এমনিতেই বুথ এজেন্টদের গতিবিধি নিয়ে রিপোর্ট তৈরি করেন প্রিসাইডিং অফিসার। এবার আরও এক ধাপ এগিয়ে কমিশন এজেন্টদের জন্য বাড়তি উদ্যোগ নিতে চলেছে। এক আধিকারিক বলেন, মূলত দেখা হবে, সংশ্লিষ্ট এজেন্ট নিজের ইচ্ছায় বেরিয়ে গিয়েছেন নাকি কেউ তাঁকে ভয় দেখিয়ে বেরিয়ে যেতে কার্যত বাধ্য করেছে। তবে ভয়ভীতি প্রদর্শন হয়ে থাকলে কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে কিছু বলা হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ