নয়ডা: মাত্র দু’সপ্তাহ আগে গ্রেটার নয়ডায় চালু হয়েছিল আট লেনের একটি রেলওয়ে ওভারব্রিজ। তৈরির জন্য খরচ হয়েছিল ১৯৪ কোটি টাকা। কিন্তু বর্ষার বৃষ্টি শুরু হতেই সেই ওভারব্রিজের পিচের আস্তরণ উঠে যাওয়ায় বিতর্ক ছড়াল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের অ্যাসফল্ট ব্যবহার করার ফলেই এই বিপত্তি। নতুন ওভারব্রিজের যেখানে সেখানে গর্ত তৈরি হওয়ায় বিপদে পড়ছেন বাইক ও গাড়ি চালকরা। দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন তাঁরা। দেড় কিলোমিটার বেশি দীর্ঘ ওই ওভারব্রিজ তৈরির দায়িত্বে ছিল ডেডিকেটেড ফ্রেইট করিডর অব ইন্ডিয়া লিমিটেড। ২৪ জুন ওই ওভারব্রিজের উদ্বোধন হয়। এর ফলে গ্রেডার নয়ডা ওয়েস্টের সঙ্গে মূল গ্রেটার নয়ডার যোগাযোগ আরও দ্রুত হয়েছে। সেক্টর ওয়ানের বাসিন্দা অশোক কুমারের বক্তব্য, ‘ওভারব্রিজের উপর যে রাস্তা হয়েছে, তার বিটুমিন বর্ষার প্রথম বৃষ্টিই সহ্য করতে পারেনি। ইতিমধ্যেই ওই রাস্তা ভাঙতে শুরু করেছে। কাজের মান যাচাই করার আগেই কীভাবে ওই রাস্তা খুলে দেওয়া হল?’ অশোক জানিয়েছেন, তিনি সংশ্লিষ্ট সংস্থা এবং রেল মন্ত্রককে চিঠি লিখেছেন। এক বাসিন্দা বলেন, দ্রুত এর মেরামতি করা হোক।



