Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

আজ শুরু আফগানদের বিরুদ্ধে একমাত্র টেস্ট, তিনে সুদর্শনে আস্থা গম্ভীরের

সাদা বলের পর এবার ফোকাস লাল বলের ক্রিকেটে। দীর্ঘ আইপিএল মরশুম কাটিয়ে শুভমান গিলরা ফিরছেন টেস্ট ম্যাচে।

আজ শুরু আফগানদের বিরুদ্ধে একমাত্র টেস্ট, তিনে সুদর্শনে আস্থা গম্ভীরের
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুল্লানপুর: সাদা বলের পর এবার ফোকাস লাল বলের ক্রিকেটে। দীর্ঘ আইপিএল মরশুম কাটিয়ে শুভমান গিলরা ফিরছেন টেস্ট ম্যাচে। গত নভেম্বরে শেষবার পাঁচদিনের ফরম্যাটে দেখা গিয়েছিল টিম ইন্ডিয়াকে। লম্বা বিরতির পর আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে নামছে ভারত। তবে এই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। তবে নতুন স্পিনার খোঁজার লক্ষ্যে এই টেস্ট আলাদা গুরুত্ব পাচ্ছে। যদিও প্রায় ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের গনগনে গরম চিন্তায় রাখছে।

Advertisement

আগস্টে শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। সেখানে চারজন স্পিনার প্রয়োজন। সফরে কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজার সঙ্গী হওয়ার দৌড়ে রয়েছেন দুই বাঁ-হাতি মানব সুথার ও যশ দুবে। আফগানিস্তানের বিরুদ্ধে দুই তরুণের মধ্যে কোনও একজনকে দেখে নিতে চান কোচ গৌতম গম্ভীর।
ব্যাটিং অর্ডারের তিন নম্বরে সাই সুদর্শনই খেলবেন। গম্ভীর তা সাফ জানিয়েও দিয়েছেন। আইপিএলে ৭২২ রান করা বাঁ-হাতিকে আরও সুযোগ দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। দেবদূত পাদিক্কালকে তাই আপাতত অপেক্ষায় থাকতে হবে। এই টেস্ট ঋষভ পন্থের কাছেও গুরুত্বপূর্ণ। টেস্টে সহ-অধিনায়কত্ব হারানো কিপারের আইপিএল পর্ব মোটেই ভালো যায়নি। আফগানদের বিরুদ্ধে নিজেকে নতুনভাবে প্রমাণে মরিয়া বাঁ হাতি কিপার ব্যাটসম্যান। আফগানিস্তান ২০১৮ সালে বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়েই টেস্টের আসরে পা রেখেছিল। দু’দিনে যবনিকা পড়ে সেই টেস্টে। ১০ উইকেটে হারে আফগানরা। এবার হাশমাতুল্লাহ শাহিদি ব্রিগেডের লক্ষ্য, ভারতকে যতটা সম্ভব লড়াইয়ের মুখে ফেলা। তবে স্পিনার রশিদ খানকে পাচ্ছে না তারা। তাই কতটা চ্যালেঞ্জ ছুড়তে পারবে আফগানরা, সংশয় থাকছেই।
 ম্যাচ শুরু সকাল ৯-৩০। সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ