দুবাই: তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলট স্মিত মচ্ছরের উপর হামলা। এলোপাথাড়ি ছুরির আঘাত। যাত্রী সহ বিমানকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়াই ছিল টার্গেট। তবে পুরোটাই বহুদিন আগে থেকে ছকে নিয়েছিল ধৃত ওমানের কো পাইলট। একাধিক সূত্র মারফত এমনই জানা গিয়েছে। ওমানের কো পাইলটের সহকর্মীদের দাবি, ধৃত ব্যক্তি মৌলবাদে বিশ্বাসী ছিল। খুবই কঠোরভাবে ধর্মীয় আচার-আচরণ মেনে চলত। দিনে একাধিকবার নামাজ পড়ত। ভুলেও মহিলাদের সঙ্গে হাতে মেলাত না। চরমপন্থী ধ্যানধারণা নিয়ে সারাদিন নিজের মতোই থাকত। কেউ বা কারা তার মগজধোলাই করে এই ঘটনার পরিকল্পনা করেছিল কি না, তার তদন্ত শুরু হয়েছে। এখনও ওই কো পাইলটের নাম-পরিচয় জানা যায়নি। তবে ওমানের নাগরিকত্ব রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। প্রাথমিকভাবে ঘটনার তদন্ত শুরু করেছে সৌদি আরব। এরপর তাকে সংযুক্ত আরব আমিরশাহির হাতে তুলে দেওয়া হবে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথায়, এই আত্মঘাতী হামলার চেষ্টা পূর্বপরিকল্পিত। ঘটনায় কোনো ইরান যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার কথাও বলেছেন তিনি।



