Bartaman Logo
২৮ মে, ২০২৬

দ্বিতীয় মোদি জমানায় স্কুলছুট পড়ুয়ার সংখ্যা কোটির বেশি

কেন্দ্রের দ্বিতীয় মোদি জমানায় সারা দেশে এক কোটিরও বেশি সংখ্যক পড়ুয়া স্কুল ড্রপ আউট হয়েছে?

দ্বিতীয় মোদি জমানায় স্কুলছুট পড়ুয়ার সংখ্যা কোটির বেশি
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: কেন্দ্রের দ্বিতীয় মোদি জমানায় সারা দেশে এক কোটিরও বেশি সংখ্যক পড়ুয়া স্কুল ড্রপ আউট হয়েছে? শিক্ষামন্ত্রকের একটি খতিয়ানকে ঘিরেই এই ইস্যুতে চর্চা একেবারে তুঙ্গে উঠেছে। দেখা যাচ্ছে যে, ২০১৮-১৯ আর্থিক বছরে সারা দেশে স্কুলে নাম লিখিয়েছিল ২৬ কোটি ২ লক্ষ ৯৪ হাজার ২১৬ জন ছেলেমেয়ে। অথচ ২০২৩-২৪ আর্থিক বছরে ওই সংখ্যাটি লক্ষ্যণীয়ভাবে কমে গিয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে সারা দেশে স্কুলে নাম লিখিয়েছে ২৪ কোটি ৮০ লক্ষ ৪৫ হাজার ৮২৮ জন ছেলেমেয়ে। অর্থাৎ, ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ আর্থিক বর্ষ। এই পাঁচ বছরের ব্যবধানে দেশব্যাপী স্কুলে ‘এনরোলমেন্ট’ কমেছে ১ কোটি ২২ লক্ষ ৪৮ হাজার ৩৮৮টি। শুধু তাই নয়। মাত্র এক বছরেই এহেন হ্রাসের পরিমাণ ৩৭ লক্ষেরও বেশি। কারণ ২০২২-২৩ আর্থিক বছরে সারা দেশে স্কুলে ‘এনরোলমেন্ট’ হয়েছে ২৫ কোটি ১৭ লক্ষ ৯১ হাজার ৭২২। ২০২২-২৩ অর্থবর্ষের তুলনায় ২০২৩-২৪ আর্থিক বছরে এই হিসেবে ‘এনরোলমেন্ট’ কম হয়েছে ৩৭ লক্ষ ৪৫ হাজার ৮৯৪টি। স্বাভাবিকভাবেই শিক্ষামন্ত্রকের এই পরিসংখ্যানে উদ্বেগ চরমে উঠেছে। 

Advertisement

সম্প্রতি সংসদে দেশব্যাপী স্কুলছুটের বিষয়ে শিক্ষামন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন কংগ্রেসের রাজ্যসভার এমপি প্রমোদ তিওয়ারি। তারই লিখিত জবাবে কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরী উল্লিখিত পরিসংখ্যান পেশ করেছেন। প্রশ্ন উঠছে, কেন্দ্রের মোদি সরকার আদৌ কি ছেলেমেয়েদের স্কুলমুখী করার উদ্দেশ্যে কোনও পদক্ষেপ করছে? প্রসঙ্গত, শিক্ষামন্ত্রকের আওতাধীন ডিপার্টমেন্ট অব স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসির গ্রহণ করা ‘ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস’ (ইউডিআইএসই প্লাস) কর্মসূচির উপর ভিত্তি করেই স্কুলের দেশব্যাপী ‘এনরোলমেন্ট’ সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করেছেন জয়ন্ত চৌধুরী। এক্ষেত্রে রাজ্যওয়াড়ি খতিয়ানও পেশ করেছে শিক্ষামন্ত্রক। সেই রাজ্যভিত্তিক পরিসংখ্যানে চোখ বুলিয়েও রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছে শিক্ষা বিশেষজ্ঞ মহল। 
রাজ্যওয়াড়ি তালিকাতেও ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষ পর্যন্ত স্কুল ‘এনরোলমেন্ট’এর খতিয়ান তুলে ধরা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, এক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যগুলির হাল বেশ খারাপ। পাঁচ বছরে যোগীরাজ্য উত্তরপ্রদেশে ‘এনরোলমেন্ট’ কমেছে ২৮ লক্ষ ২৬ হাজার ৭৬৪টি। ‘ডাবল ইঞ্জিন’ মহারাষ্ট্রে এই হ্রাসের পরিমাণ ১৮ লক্ষ ৫৫ হাজার ৭২৩। নরেন্দ্র মোদির গুজরাতে ওই পাঁচ বছরে স্কুলে ‘এনরোলমেন্ট’ কমেছে আড়াই লক্ষেরও বেশি। আর এক বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় তা কমেছে প্রায় তিন লক্ষ। মধ্যপ্রদেশে স্কুলে নাম লেখানোর সংখ্যা কমেছে ৯ লক্ষ ২৩ হাজার ২৩৫টি। অন্যদিকে, পশ্চিমবঙ্গে স্কুলে ‘এনরোলমেন্ট’ কমেছে ১ লক্ষ ৮০ হাজার ৪২৫টি। বলছে শিক্ষামন্ত্রকের রিপোর্ট।

সম্পর্কিত সংবাদ